
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে মতিউর রহমানের বাগানে এবারও মাল্টার ভালো ফলন হয়েছে। গত বছর প্রথমবারের মতো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ‘বারি মাল্টা-১’ চাষ শুরু করেন তিনি। তখন তাক লাগানো ফলন হয়।
গতবার সব মাল্টা সবুজ রঙের থাকলেও এবার অর্ধেক মাল্টায় পরীক্ষামূলকভাবে পরানো হয় চীন থেকে আমদানি করা বিশেষ ধরনের কাগজের ‘ফ্রুট ব্যাগ’। এতে করে ব্যাগ পরানো মাল্টায় এসেছে আকর্ষণীয় হলুদ রং।
মতিউর রহমান দুই বিঘা জমিতে চাষ শুরু করেছিলেন। তাঁর সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার বরেন্দ্র অঞ্চলে প্রায় শত বিঘা জমিতে মাল্টার চাষ হয়েছে। ফলচাষি মতিউর রহমান বৃক্ষরোপণে ব্যক্তিপর্যায়ে এ বছর জাতীয় পুরস্কারও পেয়েছেন।
২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘থোকা থোকা মাল্টা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই চাঁপাইনবাবগঞ্জ-আমনূরা সড়কের পাশেই জামতারায় মতিউর রহমানের মাল্টাবাগান পরিদর্শনের হিড়িক পড়ে। মতিউরের বাগান পরিদর্শন করে খুশি খোদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকও। বরেন্দ্র অঞ্চলে মাল্টা চাষের সম্ভাবনা নিয়ে আশাবাদী তিনি।
মতিউর রহমান বলেন, তিনি গত আড়াই-তিন মাসে ১০ হাজার চারা বিক্রি করেছেন। তবে আগ্রহী মানুষের চাহিদা পূরণে তাঁকে হিমশিম খেতে হচ্ছে। ভারী বর্ষার কারণে তাঁর সাত হাজার চারা নষ্ট হয়ে যায়। তবে আরও ১০ হাজার চারা তৈরির প্রস্তুতি চলছে। কেবল চারা বিক্রি করেই পাঁচ লাখ টাকারও বেশি আয় করেছেন তিনি।
আগ্রহী অনেকেই চারা সংগ্রহের জন্য ধরনা দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারে। কিন্তু চাহিদামতো চারা তৈরি করতে পারেনি হর্টিকালচার সেন্টার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের (এসসিডিপি) আওতায় সদর উপজেলার চাঁপাই-আমনূরা সড়কের পাশে জামতারা এলাকায় পরীক্ষামূলকভাবে মতিউর রহমানের দুই বিঘা জমিতে মাল্টার চাষ করা হয়। তাঁকে এ কাজে কারিগরি সহায়তা দেন চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ জহুরুল ইসলাম।
জহুরুল ইসলাম বলেন, সারা দিন রোদ পড়ে এবং বৃষ্টির পানি জমে না এমন উঁচু বা মাঝারি উঁচু জমি মাল্টা চাষের জন্য নির্বাচন করতে হবে। নির্বাচিত জমিটি পর্যায়ক্রমিক চাষ ও মই দিয়ে সমান করে নিতে হবে। জমি থেকে আগাছা পরিষ্কার করতে হবে এবং আশপাশে উঁচু গাছ থাকলে ছেঁটে দিতে হবে। সমতল ভূমিতে বর্গাকার বা ষড়ভুজি পদ্ধতিতে চারা রোপণ করতে হবে। সাধারণত মধ্য বৈশাখ থেকে মধ্য ভাদ্র (মে থেকে আগস্ট) মাসের মধ্যে মাল্টার চারা লাগানো উত্তম। তবে সেচ নিশ্চিত করা গেলে বছরের যেকোনো সময় তা লাগানো যেতে পারে।
চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সাইফুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ যেমন আমের জন্য বিখ্যাত হয়েছে, তেমনি এখানকার বরেন্দ্র অঞ্চল মাল্টার জন্যও বিখ্যাত হতে পারে। কেননা, মাল্টা চাষের ব্যাপারে চাষিদের মধ্যে দারুণ আগ্রহ লক্ষ করা গেছে। ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে প্রায় ১০০ বিঘা জমিতে মাল্টার বাগান গড়ে উঠেছে। তাঁরা জানান, বাজারে আমদানি করা মাল্টার মিষ্টতা যেখানে ৯-১০ শতাংশ, সেখানে বারি মাল্টা-১-এর মিষ্টতা ১৩-১৪ শতাংশ।
গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম নাচোলের নেজামপুর ইউনিয়নের টকটইক্যা এলাকায় ৩২ বিঘা জমিতে মাল্টার চাষ করেছেন। তাঁর ইচ্ছা, ৬০ বিঘা জমিতে মাল্টার বাগান গড়ে তুলবেন।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহিবাগ মহল্লার প্রকৌশলী মাহবুবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের মার্কেটপাড়ায় চার বিঘা জমিতে মাল্টার বাগান গড়ে তুলেছেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নতুনহাটের মো. মাসুদ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল এলাকায় চার বিঘা জমিতে মাল্টার বাগান করেছেন। তাঁরা সবাই মতিউর রহমানের কাছ থেকে চারা কেনেন বলে জানিয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, শীতকালে লেবুজাতীয় দেশি ফল থাকে না বললেই চলে। সে ক্ষেত্রে বারি মাল্টা-১ লেবুজাতীয় ফল উৎপাদনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। এর বিপুল সম্ভাবনা রয়েছে। কেননা, বারি মাল্টা-১ দারুণ সুস্বাদু একটি ফল।