চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের পৃথক কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের দুটি পক্ষ গতকাল সোমবার পৃথক কর্মসূচি পালন করেছে। জেলা মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের ব্যানারে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে মুক্তিযোদ্ধাদের একাংশ। পরে তারা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে ভুয়া, দুর্নীতিবাজ ও ভূমিদস্যু আখ্যায়িত করে এবং তাঁর অপসারণ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেয়। সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আলাউদ্দীন স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে জেলার অন্যতম পিকনিক স্পট বাবু ডাইং এলাকা দখলমুক্ত ও যুদ্ধাপরাধের বিচারেরও দাবি জানানো হয়। এর কিছুক্ষণ পরে মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার গোলাম রব্বানীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সাটু হলের সামনে মানববন্ধন করে। এখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা কমান্ডার গোলাম রব্বানী, উপজেলা কমান্ডার আবদুর রহমান, মুক্তিযোদ্ধা মনসুর উদ্দীন, বেনজির আহমেদ প্রমুখ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ যুব কমান্ড।