চাঁপাইনবাবগঞ্জে রাজোয়ায় কারাম উৎসব পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বরেন্দ্র অঞ্চলের টংপাড়ার রাজোয়ার সম্প্রদায়ের লোকজন ‘ডালপূজাকে’ কেন্দ্র করে কারাম উৎসব উদ্যাপন করেছেন। গত রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত ওই উৎসব পালিত হয়।
এ সময় কারাম বৃক্ষের (খিলকদম) ডালপূজার ডালকে ঘিরে রাতভর নিজেদের ঐতিহ্যবাহী ঝুমুর নাচ ও গান করেন রাজোয়ার সম্প্রদায়ের লোকেবরা। সকালে কারাম ডাল নিয়ে নেচে-গেয়ে পাড়া ঘুরে তারপর তা পুকুরে ভাসিয়ে দেওয়া হয়।
টংপাড়ার নারী কুটিলা রাজোয়ার বলেন, ওরাওঁ, মুন্ডাদের মতো রাজোয়ার সম্প্রদায়ের লোকেরাও প্রকৃতিপ্রেমী। গ্রামের পূজারিরা উপবাসী অবিবাহিত কিশোরী-তরুণীদের নিয়ে ডাল কেটে নিয়ে আসেন সন্ধ্যার পর। এরপর কারাম ডালটি নেচে-গেয়ে পাড়ার একটি বাড়ির বড় উঠানে নিয়ে আসেন। এখানে ডালটিকে পুঁতে এর গায়ে নতুন গামছা পরানো হয়। এরপর বাঁশের ডালায় রাখা বালুমিশ্রিত মাটিতে গজানো বিভিন্ন শস্যের বীজ রেখে পূজা করা হয়। মূলত প্রকৃতি ও কৃষির মঙ্গল কামনা করে এ পূজা দেওয়া হয় বলে জানান তিনি।
কারাম উৎসবকে ঘিরে পাড়ার প্রতিটি বাড়িতে পিঠা-পুলি তৈরির ধুম পড়ে। সামর্থ্য অনুযায়ী শিশু-কিশোর, তরুণ-তরুণী ও নববধূকে নতুন পোশাক উপহার দেওয়া হয়।