চাঁপাইনবাবগঞ্জে রায় ১২ এপ্রিল
চাঁপাইনবাবগঞ্জে বিদ্রোহের ঘটনায় ২১ জওয়ানের বিরুদ্ধে বিডিআর আইনে করা মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। আদালত আগামী ১২ এপ্রিল রায় ঘোষণার দিন ধার্য করেছেন। ৩৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২-তে গতকাল সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাফাই সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। এরপর রায়ের তারিখ ধার্য করে আদালত মুলতবি ঘোষণা করা হয়। বিশেষ আদালতে বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খাঁন। তাঁকে সহযোগিতা করছেন লে. কর্নেল মো. খালিদ হোসেন ও লে. কমান্ডার তৌহিদুল ইসলাম। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন শশাঙ্ক শেখর সরকার। কৌঁসুলির দায়িত্ব পালন করেন ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বকর আবু। বিশেষ কৌঁসুলি ছিলেন মঞ্জুর আলম ও রেজাউল করীম রেজা।