চাঁপাইনবাবগঞ্জে রেশমপল্লির এক-তৃতীয়াংশ তাঁত বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের রেশমশিল্পে চলছে দুর্দিন। ঈদ সামনে রেখে কাপড় তৈরির ভরা মৌসুমেও দক্ষ কারিগরের অভাবে জেলার প্রায় আড়াই হাজার তাঁতের এক-তৃতীয়াংশ বন্ধ রয়েছে।

কারিগর ও তাঁতমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার রেশম তাঁতপল্লিগুলোর মধ্যে হরিনগর, লাহারপুর ও বহরম অন্যতম। এর মধ্যে সবচেয়ে বড় হরিনগরে আছে এক হাজার ২০০টি তাঁত। সব মিলিয়ে জেলায় প্রায় আড়াই হাজার তাঁত রয়েছে।

লাহারপুর-হরিনগর ক্ষুদ্র রেশম তাঁতশিল্প সমিতির সভাপতি আবদুস সালাম জানান, হরিনগর, লাহারপুর ও বহরম—এ তিন পল্লিতে প্রায় দুই হাজার তাঁত রয়েছে। কারিগরের অভাবে ৩০-৪০ শতাংশ তাঁত বসে গেছে। দক্ষ কারিগরের অভাবে উন্নতমানের ভেলভেট পাড়, তেড়চিসহ নানা উন্নত জাতের শাড়ি তৈরি হয় না। পাঁচ থেকে আট হাজার টাকা দামের শাড়ি তৈরি করে কারিগরেরা মজুরি পান মাত্র ২০০ টাকা। অনেক দিন পর এ বছরই একটিমাত্র ভেলভেট পাড়ের শাড়ি তৈরি হয়েছে। নতুন করে তাঁতের কাজ কেউ শিখছে না। অথচ একসময় তাঁতের চেয়ে কারিগরের সংখ্যা ছিল দ্বিগুণ। ক্রমেই কারিগর কমে যাওয়ার ব্যাপারটি রেশম তাঁতশিল্পের জন্য একটি অশনিসংকেত।

আবদুস সালাম আরও বলেন, এখানকার সিংহ ভাগ রেশম কাপড়ের গ্রাহক ব্র্যাকের আড়ং। তারা কাপড় বোনার মজুরি না বাড়ালে অবস্থার উন্নতি হবে না। এ বছর সুতার দাম বেড়ে যাওয়ায় অবস্থা আরও করুণ হয়েছে। গত বছর চীন থেকে আমদানি করা টানা সুতার দাম ছিল কেজিপ্রতি পাঁচ হাজার ২০০ থেকে পাঁচ হাজার   ৫০০ টাকা। আর ভরনা সুতার দাম ছিল পাঁচ হাজার টাকা। কিন্তু এ বছর টানা সুতার দাম হয়েছে ছয় হাজার ২০০ টাকা ও ভরনা সুতার দাম ছয় হাজার টাকা। কিন্তু কাপড়ের দাম বাড়েনি। তেমন লাভ হয় না বলে কারিগরদের ন্যায্য মজুরিও দেওয়া যাচ্ছে না।

গত বুধবার সদর উপজেলার লাহারপুর ও শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর তাঁতপল্লিতে গিয়ে দেখা যায়, রাস্তাঘাটে কোনো লোকজন নেই। শুধু খটখট শব্দের আওয়াজ তুলে মনোযোগ দিয়ে রেশমের কাপড় (শাড়ি) বুনে চলেছেন কারিগরেরা। হরিনগরে রাস্তার পাশে বিফল দাসের কারখানায় ঢুকে দেখা যায়, পাঁচটি তাঁতে রঙিন সব কাপড় বুনে চলেছেন কারিগরেরা। পাশে বন্ধ রয়েছে আরও কয়েকটি তাঁত। কেমন যাচ্ছে দিনকাল—জানতে চাইলে তাঁত থামিয়ে কিছুক্ষণ চুপচাপ থাকেন কারিগর আবুল কালাম আজাদ। এরপর তিনি বলেন, ‘একজোড়া স্যান্ডেলের ল্যাগা কদিন থ্যাকা কানছে ছুটু ছ্যালাটা। কিনা দিতে পারছি না। ভাত-তরকারিই জুটে না ঠিকমতো। হারগে জীবনে ঈদের হাওয়া লাগে না। হামি ঈদের পরই এই কাম ছ্যাড়া দিব। পাইট (কামলা) খাইট্যা খাব, তা-ও ভালো। এ কাম শিখ্যা কুনু লাভ হয়নি জীবনে। যারা আগে এ কাম ছ্যাড়াছে, তারাই ভালো আছে।’

এখানেই কথা হয় কারিগর তরিকুল আলম ও নুরুল ইসলামের সঙ্গে। তাঁরা জানান, সারা দিনে আয় হয় ১২০ থেকে ২০০ টাকা। এ কারণে কারিগরেরা চলে যাচ্ছেন। এ পল্লিতে প্রায় এক হাজার ২০০ তাঁত। এখন বসে আছে প্রায় ৫০০ তাঁত। ঈদের পর আরও বসে যাবে প্রায় ২০০ তাঁত।

পল্লির মহাজন তাঁতি গদাধর দাস জানান, এখানে রেশম সিল্কের বেনারসি, কাতানের কারিগরের অভাবে তাঁর ৪৭টি তাঁতের মধ্যে ১৭টি বন্ধ রয়েছে। তাঁদের মতো মহাজন তাঁতিরা কিছুটা ভালো থাকলেও মোটেও ভালো নেই কারিগরেরা।