চাঁপাইনবাবগঞ্জে রোগীর হামলায় চিকিৎসক আহত হওয়ার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর হামলায় ওই হাসপাতালের চিকিৎসক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ হামলার ঘটনায় অভিযুক্ত রোগীকে আটক করেছে।হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের ভাষ্যমতে, শনিবার সন্ধ্যায় বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন পার্শ্ববর্তী মসজিদপাড়া গ্রামের আজিজুর রহমান। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি ভর্তি না হয়ে হাসপাতাল ছেড়ে যান।হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ওই রোগী কিছুক্ষণ পর ফিরে এসে শফিকুল ইসলামের ওপর আকস্মিক হামলা চালান। রোগীদের বসার চেয়ার তুলে তিনি শফিকুল ইসলামকে আঘাত করেন। এতে তাঁর চিকিৎসকের কান কেটে যায়। শফিকুলকে তাৎক্ষণিক ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। এদিকে ওই হামলার প্রতিবাদে আজ রোববার হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা কালো ব্যাচ ধারণ করবেন।