চাঁপাইনবাবগঞ্জে লকডাউন উপেক্ষা করে হাট
লকডাউন উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকায় সোমবার বসে সাপ্তাহিক হাট। সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হাটে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এ সময় লোকজনের মধ্যে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা খাসির হাট বেশ জমে ওঠে। এ সময় ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার ক্রেতা। অধিকাংশেরই মুখে ছিল না মাস্ক। এ ছাড়া ধান, গম, মসলাপাতি, হাঁসুয়া, বঁটি, ছুড়ি, দা, কুড়াল, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দোকানে ছিল প্রচণ্ড ভিড়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে হাটে অভিযান চালায় গোমস্তাপুর থানার পুলিশ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস প্রথম আলোকে বলেন, ‘অভিযান চালিয়ে আমরা হাটের ইজারাদারের তিনজনকে আটক করে সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজিরের কাছে সোপর্দ করি। এরপর হাট থেকে মানুষকে সরিয়ে দেওয়া হয়। হাট ভাঙতে ভাঙতে বেলা একটা বেজে যায়।’
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, হাটে জনসমাগম ছিল বেলা দুইটা পর্যন্ত। শাহরিয়ার নজির বলেন, ‘ইজারাদারের লোককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমি সকাল থেকেই হাটে অবস্থান গ্রহণ করি। কিন্তু হাটে আসা মানুষের স্রোত ঠেকানো যাচ্ছিল না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, পৌর মেয়র মতিউর রহমান খানকে আগেই বলা হয়, হাটটি যেন না বসে। কিন্তু তারপরও হাট বসানো হয়েছে। পরে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় দুপুরের দিকে হাট ফাঁকা করা সম্ভব হয়। পৌর মেয়র মতিউর রহমান খান বলেন, রহনপুর হাটে প্রবেশের পথ অনেকগুলো। এ জন্য চেষ্টা করেও মানুষের সমাগম ঠেকানো সম্ভব হয়নি। তবে হাটে গরু আসা ঠেকানো সম্ভব হয়েছে।