চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষ বোমা বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ও সাবেক এক সদস্যের সমর্থকদের মধ্যে গতকাল শুক্রবার সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়। এ সময় অর্ধশত বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষে আহতদের মধ্যে ডাইলপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে ওমর আলী ও টিকলীরচর গ্রামের আশরাফ আলীর ছেলে নিয়ামত আলীর অবস্থা আশঙ্কাজনক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সদর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান ও নারায়ণপুর ইউপির চেয়ারম্যান আলমগীর কবীর জানান, ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচিত সদস্য নেজাম উদ্দীন ও সাবেক সদস্য রুহুল আমীনের সমর্থকদের মধ্যে গতকাল সকাল সোয়া সাতটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ স্থানীয়ভাবে তৈরি চার শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর জানান, ইউনিয়নের ওই ওয়ার্ডে দীর্ঘদিন ধরে গ্রাম্য রাজনীতি প্রথা বিরাজ করছে। যে যখন ওয়ার্ড সদস্য নির্বাচিত হন তাঁর সমর্থকদের প্রভাব বেশি থাকে। এবারের নির্বাচনে রুহুল আমীনকে হারিয়ে নেজামউদ্দীন মিন্টু নির্বাচিত হওয়ার পর থেকেই সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছিল। পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছার পর আর সংঘর্ষ হয়নি। এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।