চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে পুলিশসহ ১২ জন আহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের আট সদস্য আহত হয়েছেন। পুলিশের ছোড়া রাবার বুলেটে সংষর্ঘকারীদের চারজন আহত হয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে রামচন্দ্রপুরের আবুল কালাম ও আজিজুল হকের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় দুদিক থেকে সংঘর্ষকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের আট সদস্য আহত হন। তাঁদের মধ্যে পুলিশ সদস্য (কনস্টেবল) মোস্তাফিজুর রহমান ও কহিনূর ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেল ছুড়লে চার সংঘর্ষকারী আহত হয়।ওসি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ১৪ জনকে আটক করেছে। পুলিশ সুপার বশির আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।