চাঁপাইনবাবগঞ্জে সওজের সড়কগুলো বেহাল
চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও জনপথের (সওজ) প্রায় সব কটি সড়ক এখন অসংখ্য খানাখন্দে ভরা। বৃষ্টি হলেই এসব সড়কের গর্তগুলোতে পানি জমে থাকে। এসব গর্তে পড়ে প্রায়ই মালবাহী ট্রাক আটকা পড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি দুর্ভোগ পোহাচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
সওজ সূত্র জানায়, বরাদ্দের অপ্রতুলতার কারণে এসব সড়ক সংস্কারও করা হচ্ছে না।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস ও ট্রাক মালিক সমিতির নেতারা জানান, জেলায় সওজের প্রায় সব কটি আন্ত-উপজেলা সড়কই এখন খারাপ। এসব সড়কে কয়েক শ খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ-আমনূরা-নাচোল, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর, রহনপুর-ভোলাহাট, রহনপুর-আড্ডা, নাচোল-আড্ডা, আড্ডা-সরাইগাছি, কানসাট-গোমস্তাপুর, ভোলাহাট-শিবগঞ্জ সড়কের অবস্থা খুবই নাজুক। এসব সড়কে চলাচলকারী বাসগুলো সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারে না। জরিমানার ভয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে গিয়ে চালকেরা অনেক সময় খারাপ সড়ক দিয়েই দ্রুত বাস চালান। তখন বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগের সীমা থাকে না।
জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম বলেন, কানসাট-গোমস্তাপুর সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পড়ে প্রায়ই মালবোঝাই ট্রাক আটকা পড়ছে। ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। পাশাপাশি খারাপ রাস্তায় চলতে গিয়ে গাড়ির গিয়ারবক্স, এক্সেল ও টায়ার নষ্ট হচ্ছে।
মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হামিদুর রহমান বলেন, রহনপুর-আড্ডা-সরাইগাছি ও চাঁপাইনবাবগঞ্জ-আমনূরা সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কগুলোতে মিনিবাস চলতে গিয়ে চালক ও যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হন। পাশাপাশি দুর্ঘটনারও আশঙ্কা রয়েছে। এ ছাড়া আমনূরা-মুণ্ডুমালা সড়কের কলেজপাড়া এলাকায় ২৫-৩০ মিটার এলাকাজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ স্থান দিয়ে যাওয়ার সময় প্রায়ই মালবোঝাই ট্রাক আটকা পড়ছে।
কলেজপাড়ার বাসিন্দারা জানান, খানাখন্দে পড়ে ট্রাক আটকে গেলে যানজটের সৃষ্টি হয়। পরে মাল নামিয়ে ট্রাক পার করতে হয়। বৃষ্টি নামলেই সড়কে হাঁটুপানি জমে যায়। এখানে পানিনিষ্কাশনের ব্যবস্থা না করে বারবার সড়ক মেরামতের কারণে টাকার অপচয় হচ্ছে।
সওজ চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, সড়ক বিভাগের আওতায় জেলায় মোট ২৩১ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ৪৮ কিলোমিটার সড়ক মেরামতের জন্য বরাদ্দ পাওয়া গেছে মাত্র তিন কোটি টাকা। এক-দেড় মাসের মধ্যে এগুলো মেরামতের কাজ শুরু হতে পারে। তবে এগুলো ভালোভাবে মেরামতের জন্য প্রয়োজন ১৬ কোটি টাকা।