চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। উপজেলার আননূরা সড়কের আতাহার এলাকায় একটি ট্রাক সকাল সাতটার দিকে দুটি মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলের আরোহী ও শিবগঞ্জ উপজেলার পনেররশিয়া এলাকার বাসিন্দা আবদুল কাইয়ুম (৪০), আবদুস সালাম (৬২) ও কবির হোসেন (৩৫) এবং একই উপজেলার শিবনারায়ণপুর এলাকার ইয়াজদানি (৩২)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, সকাল সাতটার দিকে জেলার সদর উপজেলার আতাহার এলাকায় ট্রাকটি দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে কাইয়ুম, সালাম ও কবিরের মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে ইয়াজদানি মারা যান। ওই দুর্ঘটনায় আহত শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর এলাকার কবিরকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।