চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলসা বাজারের কাছে আজ সোমবার দুপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবদুল মাজেদ (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের তেলীপাড়া গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল জানান, মোটরসাইকেলযোগে আবদুল মাজেদ ছেলে চালক আনোয়ার হোসেনের (৩০) সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তাপুর যাচ্ছিলেন। পথে বেলা দেড়টার দিকে পলসা বাজারের কাছে গোমস্তাপুর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৭০৩৫) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক ও আরোহী দুজনই ছিটকে রাস্তায় পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আবদুল মাজেদ। আহত হন তাঁর ছেলে আনোয়ার হোসেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।