চাঁপাইনবাবগঞ্জে সড়ক নিরাপত্তাবিষয়ক শোভাযাত্রা ও আলোচনা
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে গতকাল রোববার সড়ক নিরাপত্তাবিষয়ক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’—স্লোগানে শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাকসুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আল-মামুন, বিআরটিএ রাজশাহী জোনের উপপরিচালক উত্তম কুমার বড়ুয়া, চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক স্বদেশ কুমার দাস, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ইয়াহিয়া বিশ্বাস, জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল খালেক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা হ্রাসে করণীয় সম্পর্কে বলেন।