চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টংপাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুকুর-জমি জালিয়াতি করে দখল ও উচ্ছেদের পাঁয়তারা এবং সাংবাদিকসহ আদিবাসী নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী মুক্তি মোর্চা, নাচোল আদিবাসী একাডেমি, কোল আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা ও জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়। প্রতিবাদ সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল, গোমস্তাপুর, নওগাঁর নিয়ামতপুর, রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার প্রায় এক হাজার নারী-পুরুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে পুকুরসহ বসতভিটা ভোগদখল করে আছে। কিন্তু তাদেরকে সেখান থেকে উচ্ছেদের পাঁয়তারা করে আসছে শহরের ব্যবসায়ী তরিকুল ইসলাম (টি ইসলাম)। তাঁর নির্দেশেই ওই পুকুরে গত ১৫ আগস্ট ভোরে বিষ মিশিয়ে মাছ মেরে ফেলা হয়। কিন্তু তিনি উল্টো পুকুরটি নিজের দাবি করেন এবং পুকুরে বিষ মিশিয়ে মাছ মারার অভিযোগে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন ও জনকণ্ঠের রাজশাহীর ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গিরসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের বিরুদ্ধে মামলা করেছেন।
বক্তারা ওই ঘটনার জন্য তরিকুল ইসলামকে দায়ী করে তাঁর শাস্তি দাবি করেন। একই সঙ্গে তথ্য সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিকের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। এ ছাড়া সাংবাদিকসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তরিকুল ইসলামকে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, গত শুক্রবার নাচোলের মানিকাড়া গ্রামে জলাবদ্ধতার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনে গেলে তরিকুল ইসলামের নির্দেশে প্রথম আলোর সাংবাদিক আনোয়ার হোসেন, দৈনিক খোলা কাগজের সাংবাদিক আবদুর রব নাহিদসহ চারজনের ওপর হামলা চালানো হয়।