চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মানিকাড়া গ্রামে গত ২৬ আগস্ট প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন ও দৈনিক খোলা কাগজ-এর জেলা প্রতিনিধি আবদুর রবসহ চারজনের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামি মো. কিবরিয়াকে গতকাল শুক্রবার ভোরে গ্রেপ্তার করেছে নাচোল থানা-পুলিশ। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দীন বলেন, ভোরে মানিকাড়া গ্রামে টি ইসলামের পুকুরপাড়ে পাহারাদারের জন্য নির্মিত টিনশেড ঘর থেকে কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি নাচোলের নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
উল্লেখ্য, মানিকাড়া গ্রামে একটি পুকুর খনন করায় ওই গ্রামে ও প্রায় ১৫-২০ বিঘা জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ছাড়া এলাকার তিন পুকরা নামে তিনটি খাস পুকুর কেটে একটি পুকুরে পরিণত করে দখল এবং অন্যের জমির পাশে গভীর নালা কেটে চাষাবাদ বিঘ্নিত করার অভিযোগ পেয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য ২৬ আগস্ট আনোয়ার হোসেন ও আবদুর রব সেখানে যান। সেখানে টি ইসলামের নির্দেশে তাঁর কর্মচারীসহ ভাড়াটে লোকজন তাঁদের ওপর হামলা চালান।