চাঁপাইনবাবগঞ্জে সাংসদ ওদুদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাংসদ আবদুল ওদুদ ও তাঁর সহযোগী মাহফুজুর রহমানের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ আদালতে এ মামলা করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান এবং স্থানীয় হাবিবুর রহমান ও মো. আলাউদ্দীন।মামলার আরজিতে বাদীরা অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া এলাকায় ৪০ শতাংশ জমি সম্প্রতি ওই এলাকার ওসিম উদ্দিনের দুই ছেলে ও তিন মেয়ের কাছ থেকে ভুয়া দলিল করে কিনে নিয়েছেন সাংসদ ওদুদ। সাংসদ ও তাঁর সহযোগী মাহফুজুর রহমান এখন ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং শহরের গোদাগাড়ী সড়কের ব্যবসায়ী হাবিবুর রহমান এবং শংকরবাটি এলাকার মো. আলাউদ্দীন আংশিকভাবে ওই জমির প্রকৃত মালিক।মামলার বাদীপক্ষের আইনজীবী সোহরাব হোসেন জানান, আদালত ওই জমির দখল বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।এ ব্যাপারে সাংসদ আবদুল ওদুদ ও মাহফুজুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায়।