চাঁপাইনবাবগঞ্জে সেচযন্ত্রে বিদ্যুৎসংযোগের দাবিতে কৃষকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে সেচযন্ত্রে বিদ্যুৎসংযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে জেলার প্রায় দুই শতাধিক কৃষক। গতকাল বুধবার সকাল আটটায় জেলা সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলা থেকে কৃষকেরা শিবগঞ্জ উপজেলার কানসাটে অবস্থিত জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে প্রায় দুই শতাধিক কৃষক সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির ডাকবাংলোয় অবস্থানরত বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বেরিয়ে এলে কৃষকেরা তাঁকে ঘিরে ধরে সেচযন্ত্রে দ্রুত বিদ্যুৎসংযোগ দেওয়ার দাবি জানান। প্রতিমন্ত্রী শিগগিরই বিদ্যুৎসংযোগ দেওয়ার আশ্বাস দিলে তাঁরা শান্ত হন। পরে ওই সমিতির সভাকক্ষে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জানান, আপাতত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৪০টি নলকূপে বিদ্যুৎসংযোগ দেওয়া হবে। পরবর্তী সময়ে বিদ্যুৎ সরবরাহ বাড়লে ব্যক্তিমালিকানাধীন নলকূপে সংযোগ দেওয়া হবে। পল্লী বিদ্যুতের একটি সূত্র জানায়, ব্যক্তিমালিকানায় খনন করা জেলার ৩৩০টি সেমি ডিপ টিউবওয়েলে ট্রান্সফরমার স্থাপন, তার টানানো, মিটার লাগানোর অনুমতিসহ সব দাপ্তরিক কাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ নির্দেশ না দেওয়ায় বিদ্যুৎসংযোগ দেওয়া যাচ্ছে না।