চাঁপাইনবাবগঞ্জে সেতুতে বর্ধিত টোল আদায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে (মহানন্দা সেতু) বর্ধিত টোল কার্যকর করার পরপরই পরিবহন-শ্রমিকদের বাধার মুখে তা স্থগিত করা হয়। গত সোমবার থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নিয়ন্ত্রণাধীন এ সেতুতে বর্ধিত টোল আদায়ের কথা ছিল। বর্ধিত টোলের পরিমাণ ছিল আগের চেয়ে দ্বিগুণেরও অধিক।চাঁপাইনবাবগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্বে) আবু হেনা মোস্তফা কামাল জানান, রাষ্ট্রপতির আদেশক্রমে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগ সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করে। এতে ভারী ট্রাক, ট্যাংকলরি, বড় বাস থেকে ২৯ টাকার পরিবর্তে ৬০ টাকা, মাঝারি ট্রাক-বাস থেকে ২০ টাকার পরিবর্তে ৫০ টাকা, মাইক্রোবাস ও ছোট ট্রাক থেকে ২০ টাকার পরিবর্তে ৪০ টাকা, পিকআপ-জিপ ও কার থেকে ১১ টাকার পরিবর্তে ২৫ টাকা, মিশুক-সিএনজিচালিত অটোরিকশা থেকে ছয় টাকার পরিবর্তে ১২ টাকা ও মোটরসাইকেল থেকে তিন টাকার পরিবর্তে পাঁচ টাকা টোল আদায়ের হার নির্ধারণ করা হয়। সোমবার থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। বিষয়টি আগেই পরিবহন মালিক পক্ষকে জানানো হয়। জানা গেছে, সোমবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জগামী একটি বাস সেতু পার হওয়ার সময় এর চালককে বর্ধিত হারের রসিদ দেওয়া হয়। কিন্তু চালসসহ বাসের অন্য শ্রমিকেরা তার প্রতিবাদ জানায়। একপর্যায়ে বর্ধিত টোল দিতে অস্বীকৃতি জানিয়ে বাসটি সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা হয়। এরপর অন্য বাস-ট্রাক এলে সেগুলোর শ্রমিকেরাও বর্ধিত টোল দিতে অস্বীকৃতি জানিয়ে যানবাহন টোলঘরের কাছে সড়কে এলোপাতাড়ি রেখে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এ অবস্থা চলে সকাল সাড়ে নয়টা পর্যন্ত। এতে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ-সোনামসজিদ বন্দর রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই দিকে শত শত যানবাহন আটকে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে সকাল সাড়ে নয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন ঘটনাস্থলে পৌঁছান। তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস দিয়ে টোল আদায়কারীদের আগের হারে টোল আদায়ের অনুরোধ করেন। আগের হারে টোল নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে জেলা প্রশাসন থেকে বৈঠকে বসা হবে।জেলা মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম জানান, হঠাত্ করে টোলের পরিমাণ এত বেশি বাড়ানো অযৌক্তিক।