চাঁপাইনবাবগঞ্জে সেতুর বর্ধিত টোল প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনাবগঞ্জের মহানন্দা নদীর ওপর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বর্ধিত টোল প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা অটোরিকশা চালক ইউনিয়নের ব্যানারে মানববন্ধন করা হয়। এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা দেড় শতাধিক চালক অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন ব্যাটারিচালিত অটোরিকশা চালক সমিতির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক জমসেদ আলী, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জমান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আগে সেতুতে অটোরিকশার জন্য টোল দিতে হতো পাঁচ টাকা; কিন্তু ১ সেপ্টেম্বর থেকে তা বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ১০ টাকা করা হয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চালকেরা। তাঁদের দাবি মানা না হলে পরবর্তী সময় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।