চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে মারধরের প্রতিবাদে গতকাল সোমবার সকাল থেকে সড়ক অবরোধ ও ভাঙচুর করেছেন পরিবহন শ্রমিকেরা। এ ঘটনায় সকাল আটটা থেকে চাঁপাইনবাবগঞ্জের সব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধকারী পরিবহন শ্রমিকেরা জানান, গত রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন শ্রমিককে দেখতে গেলে চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল খালেককে মারধর করেন রাজশাহীর শ্রমিকেরা। এতে আহত হন তিনি। এ খবর ছড়িয়ে পড়লে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকেরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করেন। লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের মহড়ার কারণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় চারটি ট্রাক ও দুটি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে ভাঙচুর করা হয়। ভাঙচুর হওয়া ট্রাকগুলো রাজশাহীর ব্যক্তিমালিকানাধীন। ভাঙচুর চলাকালে রাজশাহীর তিনজন পরিবহনশ্রমিককে মেরে আহত করেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকেরা। এঁদের মধ্যে প্রথম আলো বহনকারী মাইক্রোবাসের চালক শরিফ আহমেদ রয়েছেন। বাকি দুজনের নাম জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় উত্তেজিত শ্রমিকেরা পুলিশের ওপর চড়াও হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রওশন কবীরসহ কয়েকজন পুলিশ সদস্য লাঞ্ছিত হন। চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল খালেক জানান, তাঁকে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভেতরে নিয়ে গিয়ে রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। এতে তাঁর বাঁ হাত ভেঙে যায়। তাঁকে মারধরের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘দুই জেলার শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।’ সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, শ্রমিকনেতাকে মারধরের কারণে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।