চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চামাগ্রাম মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশাচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোখলেসুর রহমান (৩০)। তিনি পৌর এলাকার শিবতলা নামোপাড়া মহল্লার মো. গুলজারের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, নিহত মোখলেসুর রহমান অটোরিকশায় মহারাজপুরে রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন। পথে সকাল পৌনে নয়টার দিকে চামাগ্রাম মোড়ে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মোখলেসুর রহমানকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুশফিকা কাওসারী তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ট্রাকটি শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
স্থানীয় লোকদের বরাত দিয়ে ওসি আরও জানান, অটোরিকশাচালককে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি।