চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার আসামি খুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা গ্রামে আবদুল হালিম (২০) নামের এক তরুণকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হালিম ওই গ্রামের রিপন হত্যা মামলার আসামি এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলিনগর মহল্লার আমিন হোসেনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১৯ জনকে আটক করেছে। জানা গেছে, হালিম পার্শ্ববর্তী গোদাগাড়ী উপজেলার কাকনহাট-ঝিনাই চাতরা গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে ছিলেন। গত রোববার বিকেলে প্রতিপক্ষের লোকজন গিয়ে সেখান থেকে তাঁকে ধরে হোসেনডাঙ্গা গ্রামের রাস্তায় এনে পিটুনি দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে। স্থানীয় লোকজন রাত সাড়ে ১০টার দিকে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। রাত ১১টার দিকে সেখানে তিনি মারা যান। হালিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হোসেনডাঙ্গা গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মনিরুল ইসলাম, রিপন হত্যা মামলার বাদী আবদুল মতিনসহ ১৯ জনকে হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত উদ্দীন জনান, গতকাল সোমবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের হয়নি।