চাঁপাইনবাবগঞ্জে হরতালে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে আজ রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা আধাবেলার হরতালের শুরুতে পুলিশ ও বিজিবির সঙ্গে শিবিরকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় ১৩টি ককটেল বিস্ফোরণ ঘটান শিবিরকর্মীরা। পুলিশও পাল্টা রাবারের গুলি ছুড়েছে। এ ঘটনায় পাঁচজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রশিবির।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে ছয়টার দিকে শহরের শিবতলা এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করেন শিবিরকর্মীরা। মিছিলটি পিটিআই সড়কে পৌঁছালে পুলিশ ও বিজিবির সদস্যরা এতে বাধা দেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান হরতালকারীরা। পুলিশও পাল্টা রাবারের গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে শিবিরকর্মীরা পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইট-পাটকেল ছোড়েন এবং অন্তত ১৩টি ককটেলের বিস্ফোরণ ঘটান।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫৫টি রাবারের গুলি ছুড়েছে। হরতালকারীদের ছোড়া ককটেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এদিকে শিবিরের একটি সূত্র দাবি করেছে, সংঘর্ষে তাঁদের পাঁচজন কর্মী আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কেরামত আলীকে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর প্রতিবাদে গতকাল এ হরতালের ডাক দেয় স্থানীয় ১৮ দল। আজ বেলা দুইটা পর্যন্ত হরতাল চলবে।