চাঁপাইনবাবগঞ্জে হিমাগারে বিস্ফোরণ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি হিমাগারে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মোহনপুর এলাকায় ফ্রেশ অ্যান্ড গ্রিন নামের হিমাগারের কমপ্রেসর বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে নিহত ব্যক্তির নাম কাওসার আলী (২৮)। তিনি ভোলাহাট উপজেলার পঞ্চাননপুর গ্রামের মোসাদ্দেক আলীর ছেলে। তিনি হিমাগারে কাজ করতেন।
বিস্ফোরণে আহত হয়েছেন ফারুক (৩৭) নামের এক ব্যক্তি। তিনি খুলনার শিপইয়ার্ড এলাকার আমির আলীর ছেলে। তিনি পেশায় মিস্ত্রি। তাঁকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হিমাগারের মালিক গোলাম মোহাম্মদ ফিতু মিয়া বলেন, সকাল সাড়ে নয়টার দিকে হিমাগারের কমপ্রেসর পরীক্ষার সময় বিস্ফোরণ ঘটে। এতে একজন নিহত ও একজন আহত হন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম বলেন, হিমাগারে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মারা যাওয়া ব্যক্তির লাশ তাঁর স্বজনেরা নিয়ে গেছেন।