চাঁপাইনবাবগঞ্জে ১১টি আড়ত পুড়িয়েছে দুর্বৃত্তরা
চাঁপাইনবাবগঞ্জ সদরের নিউমার্কেটসংলগ্ন ১১টি মাছের আড়ত গত মঙ্গলবার রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা আড়তগুলো থেকে প্রায় ৫০ মণ মাছ লুট করে নিয়ে যায়। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসক শাহ আলম ও পুলিশ সুপার বশির আহমেঞ্চদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত আড়তদারদের দাবি, তাঁদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত আড়তদারেরা জানান, গত মঙ্গলবার সকালে এক মাছ ব্যবসায়ীর স্কুলছাত্রী মেয়েকে উত্ত্যক্ত করে রামকৃষ্ণপুরের আয়াত নূরের লোকজন। এর প্রতিবাদ করতে গিয়ে তাদের হামলায় গুরুতর আহন হন ওই ছাত্রীর বাবা। এর জের ধরে ওই মাছ ব্যবসায়ীর গ্রামের লোকজন আয়াত নূরের লোকজনের ওপর হামলা চালায়। এ হামলা থামাতে গিয়ে বটতলা হাটের সেরাজুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়। পরে আয়াত নূরের লোকজন মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মাছের আড়তে হামলা চালায়। প্রথমে তারা আড়তগুলোর সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আড়তের পাহারাদারেরা ভয়ে পালিয়ে যান। এরপর আয়াত নূরের লোকজন আড়তগুলোতে আগুন দেয় ও লুটপাট চালায়। জেলা মৎস্য আড়তদার সমিতির সভাপতি হারুনুর রশিদ অভিযোগ করেন, অগ্নিসংযোগ ও লুটপাটে তাঁদের প্রায় দুই কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ড্রয়ারে রাখা টাকাও আগুনে পুড়ে যায়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দীন জানান, গত মঙ্গলবার রাতে ১১টি মাছের আড়ত পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।