চাঁপাইনবাবগঞ্জে বিডিআর বিদ্রোহ মামলার রায়ে গতকাল মঙ্গলবার ২০ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সর্বোচ্চ ছয় বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে দুই জওয়ানকে। সাজা পাওয়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজন জওয়ানকে বেকসুর খালাস দেওয়া হয়।চাঁপাইনবাবগঞ্জে গতকাল বেলা ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ তে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণা করেন আদালতের সভাপতি ও বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খান। উপস্থিত ছিলেন অপর দুই সদস্য লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।রায়ে ছয় বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে ল্যান্স নায়েক তাউস মিয়া ও সিপাহি মজিবুর রহমানকে। এছাড়া চালক আবদুল মান্নানকে পাঁচ বছর, সিপাহি শিকদার জাহিদুল ইসলামকে চার বছর, ল্যান্স নায়েক শফিকুর রহমান, মো. আবুল বাশার, রনি আহম্মেদ ও রুহুল আমীনকে তিন বছর করে, সিপাহি আবদুল ওয়াজেদ প্রামাণিক ও আ. রহিমকে আড়াই বছর করে, সিপাহি নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে দুই বছর করে, সুবেদার মো. মোস্তফা বিশ্বাস, হাবিলদার বেনুয়ার রহমান, হাবিলদার রুহুল আমিন, নায়েক এস্কান্দার আলী ও সিপাহি মোশফেকুর রহমানকে দেড় বছর করে, নায়েক রহমত আলী ও হাবিলদার পঞ্চানন দাসকে এক বছর করে ও হাবিলদার জামাল মিয়াকে ছয় মাস সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। খালাস পাওয়া জওয়ান হলেন সিপাহি সৈয়দ মনিরুল ইসলাম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জে ৩৯ ব্যাটালিয়নের জওয়ানেরা বিদ্রোহ করেন। গত বছরের ৩০ মার্চ চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালতে এ বিদ্রোহের বিচার শুরু হয়। দুই দফা মুলতবি শেষে আদালত গতকাল রায় ঘোষণা করেন।