চাঁপাইনবাবগঞ্জে ২১ সদস্যের বিচার শুরু
চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় ২১ সদস্যের বিচার শুরু হয়েছে। ওই ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ তে গতকাল শনিবার সকাল ১০টায় বিচার কার্যক্রম শুরু হয়। বিডিআরের রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান আদালতের সভাপতির দায়িত্ব পালন করেন। অভিযোগ উত্থাপন করেন ৩৯ রাইফেল ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. কামাল মিয়া। অভিযোগে বলা হয়, সেনাবাহিনী ব্যাটালিয়ন সদর দপ্তর আক্রমণ করতে আসছে—এ রকম গুজব ছড়িয়ে অস্ত্রাগার লুট, শক্তির মহড়া, গুলিবর্ষণ এবং ব্যাটালিয়নে কর্মরত এক সেনা কর্মকর্তা ও সৈনিকদের ভয়ভীতি দেখানো হয়। এসব অপরাধ সংঘটিত হয় ২০০৯ সালের ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে। আদালতের সভাপতি অভিযোগ আমলে নিয়ে ২১ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এর মধ্যে ১৭ জন রাষ্ট্রদ্রোহের মামলায় কারাগারে ছিলেন। অবশিষ্ট চারজনকে ব্যাটালিয়নে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এঁরা হচ্ছেন নায়েক সুবেদার মো. জামাল মিয়া, হাবিলদার পঞ্চানন দাশ, সেপাই চালক মোসফিকুর রহমান, সেপাই মুহাম্মদ রুহুল আমিন শিকদার। এর পর আদালতের কার্যক্রম আজ রোববার সকাল সাড়ে নয়টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।