চাঁপাইনবাবগঞ্জে ২৫ মের আগে পাকা আম বাজারজাত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ মের আগে পাকা আম বাজারজাত করা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আম ব্যবসায়ী, বাগান মালিক, কৃষি কর্মকর্তা, আম বিজ্ঞানী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে পাকা আম বাজারজাতকরণের সময়সীমা নির্ধারণবিষয়ক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুয়ায়ী, গোপালভোগ আম ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত আম ২৮ মে, লক্ষ্মণভোগ ১ জুন, ল্যাংড়া ও বোম্বাই ৫ জুন, ফজলি, সুরমা ফজলি ও আম্রপালি ১৫ জুন থেকে গাছ থেকে নামানো যাবে। অন্যদিকে আশ্বিনা আম নামানোর সময় নির্ধারণ করা হয়েছে ১ জুলাই।

জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হুদা, চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সাইফুর রহমান, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল আলমসহ আম আড়তদার, আম ব্যবসায়ী, পরিবহন মালিকেরা উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা প্রশাসক মাহমুদুল হাসান জানান, পর্যায়ক্রমে যখন যে জাতের আম পরিপক্ব হবে, সে আমটি যাতে পাড়া হয়; সেই লক্ষ্যে সবার মতামত নিয়ে আম পাড়ার তারিখ ঠিক করা হয়েছে। এই ক্যালেন্ডারের সময়সীমার আগেই যদি কারও গাছে আম পাকে, তবে তিনি কৃষি বিভাগকে জানাবেন। কৃষি বিভাগ ২৪ ঘণ্টার মধ্যে সেই গাছ পরিদর্শন করে মতামত দেবে।

জেলা প্রশাসক জানান, বিক্রির সময় যাতে ওজনে চাষিদের আম বেশি দিতে না হয়, সে জন্য প্রতিটি আড়তে ডিজিটাল পরিমাপক যন্ত্র ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে ৪০ কেজিতে মণ ধরে আম দিতে হবে। এসব বিষয়ে বাজারে প্রশাসনের নজরদারি থাকবে। এ ছাড়া স্বাস্থ্যসম্মত আম উৎপাদনের লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই জেলা ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে আমকে তুলে ধরা হয়েছে।