চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর এলাকা নারায়ণপুর ইউনিয়নে গতকাল শনিবার ইউপি চেয়ারম্যান ও দুই সদস্যের অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে কতজন আহত হয়েছেন, সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সংঘর্ষের সময় বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর চারটার দিকে নারায়ণপুর ইউপি (ইউনিয়ন পরিষদ) ভবনসংলগ্ন বাতাসের মোড় এলাকায় ইউপি চেয়ারম্যান আলমগীর কবিরের সমর্থকদের সঙ্গে ইউপি সদস্য হুমায়ন আলী এবং আজিম আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। তখন আলমগীরের বাড়িতে চারটি ককটেলসহ ইটপাটকেল ছোড়া হয়। সংঘর্ষ পরবর্তীকালে বাগপাড়া, বান্নাপাড়া, মণ্ডলপাড়া, জাওনিয়া ও সাতরশিয়া গ্রামে ছড়িয়ে পড়ে। বেলা আড়াইটা পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষে বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন বলেও খবর পাওয়া গেছে।
আওয়ামী লীগ-সমর্থিত ইউপি চেয়ারম্যান আলমগীর অভিযোগ করেন, সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করে আসছেন বিএনপি-সমর্থিত ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন আলী ও তাঁর সমর্থকেরা। এর জের ধরেই গতকাল ভোরে হুমায়ন আলী ও আজিম আলীর সমর্থকেরা তাঁর বাড়িতে হামলা চালান। এর পরিপ্রেক্ষিতে তাঁর সমর্থকেরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষ এখন আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের সংঘর্ষে পরিণত হয়েছে।
হুমায়ন আলী বলেন, ‘এটা আওয়ামী লীগ বা বিএনপির মধ্যকার কোনো সংঘর্ষ নয়। আমার ও আজিম আলীর সমর্থকদের সঙ্গেও সংঘর্ষের ঘটনা নয়। এটা হচ্ছে সাবেক ইউপি সদস্য এন্তাজ আলীর সমর্থকদের সঙ্গে ইউপি চেয়ারম্যান আলমগীর কবিরের সমর্থকদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মতিউর রহমান বলেন, দুর্গম পথ পাড়ি নিয়ে বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা ঘটনাস্থলে যান। কয়েকটি গ্রাম ঘুরে জনশূন্য অবস্থা দেখতে পান। তাঁরা কয়েকটি ককটেল বিস্ফোরণের আলামত পেয়েছেন। পুলিশ হতাহতের ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি।