চাঁপাইনবাবগঞ্জের মিস্ত্রিপাড়ায় তার চুরির হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মিস্ত্রিপাড়া এলাকায় বৈদ্যুতিক তার চুড়ির হিড়িক পড়েছে। গত এক সপ্তাহে চোরের দল প্রায় ২৫ জন গ্রাহকের বাড়ির বিদ্যুত্ সংযোজন তার কেটে নিয়ে গেছে। এ অপতত্পরতা বন্ধে স্থানীয় থানার পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভার মিস্ত্রিপাড়া এলাকার সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে ২৫ জন গ্রাহকের বাড়িতে সংযোগ দেওয়ার জন্য টানা তার গত এক সপ্তাহে চুরি হয়ে গেছে। ওই এলাকার আবুল কালাম আজাদ, মুনজুর আহমেদ, টিপু মিয়া, শাহনেওয়াজ, কিরন, আলতাফ হোসেন, এমরান আলী, হাজি আশরাফ, দেলোয়ার, মনিরুল ইসলামসহ ২৫ জন তার চুরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন। এ ছাড়া গত শনিবার রাতে সদর হাসপাতালের চিকিত্সকদের কোয়ার্টারের আটটি লাইনের তার চুরি হয়েছে। মিস্ত্রিপাড়ার সাইফুল ইসলাম জানান, গত ৫ জানুয়ারি তাঁর তিন তলা বাড়ির তিনটি সংযোগের বৈদ্যুতিক তার চুরি হয়েছে। গ্রাহক মনিরুল ইসলাম বলেন, তার চুরির বিষয়টি পুলিশকে জানিয়ে কোনো লাভ হয় না। থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলে পুলিশ মামলা করতে বলে। কিন্তু হয়রানির শিকার হতে পারেন এ আশঙ্কায় অনেকেই মামলা করতে চান নাসদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক জানান, চুরির ব্যাপারে জিডি নয়, মামলা দায়েরের নিয়ম রয়েছে। তবে মামলা না করে মানুষ মৌখিকভাবেও পুলিশকে চুরির বিষয়টি জানাতে পারে। সেটিও তারা করে না। এ কারণে পুলিশের কিছু করার থাকে না। বিদ্যুত্ উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী আশুতোষ রায় জানান, গত এক সপ্তাহে বেশ কয়েকজন গ্রাহক বৈদ্যুতিক তার চুরির বিষয়টি তাঁদের জানিয়েছেন।