চাঁপাইনবাবগঞ্জের মেয়র সাময়িক বরখাস্ত
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মতিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।স্থানীয় সরকার বিভাগের উপসচিব খলিলুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপন গত বুধবার ফ্যাক্সযোগে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে আসে। জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র ফ্যাক্স পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আবদুল মতিনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রহমান একটি মামলা করেন। ওই মামলার অভিযোগপত্র গত ২৮ ফেব্রুয়ারি আদালত গ্রহণ করেন। এ অবস্থায় প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে পৌরসভার কার্যক্রম পরিচালনা করা সমীচীন নয় উল্লেখ করে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩১ (১) ধারা অনুযায়ী মেয়রকে সাময়িক বরখাস্ত করা হয়। যোগাযোগের চেষ্টা করেও আবদুল মতিনের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।তবে এই প্রজ্ঞাপন জারির তিন দিন আগে গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সমেঞ্চলনে মেয়র অভিযোগ করে বলেছিলেন, স্থানীয় সাংসদ আবদুল ওদুদ তাঁকে বরখাস্তের জন্য তদবির করছেন। পৌরসভার জমিতে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ নিয়ে বিরোধের জের ধরে তিনি (সাংসদ) একজন মুক্তিযোদ্ধাকে দিয়ে তিনিসহ (মেয়র) পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করান। এ মামলায় পুলিশ অভিযোগপত্র দিয়েছে।অভিযোগ অস্বীকার করে সাংসদ আবদুল ওদুদ বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমি তাঁর (মেয়র) সুনির্দিষ্ট কিছু অনিয়ম ও দুর্নীতির ঘটনার তদন্ত চেয়েছি। কিন্তু তাঁকে বরখাস্ত করার জন্য তদবির করিনি।’