চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা আট দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার থেকে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে ঢাকাসহ অন্যান্য জেলার সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে মারধরের প্রতিবাদে শ্রমিকেরা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম জানান, ১৫ জুলাই সাধারণ সম্পাদক আবদুল খালেককে মারধর করে রাজশাহীর মোটর শ্রমিকেরা। এর প্রতিবাদে পরদিন থেকে অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। এতে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চার দিন পর অভ্যন্তরীণ সড়কে অবরোধ প্রত্যাহার করা হয়। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কে যান চলাচল বন্ধ ছিল। উদ্ভূত পরিস্থিতিতে গত সোমবার রাতে দুই জেলার শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠকে রাজশাহী আঞ্চলিক শ্রমিকনেতারা ক্ষমা চেয়ে তাঁর চিকিৎসা খরচ বাবদ তিন লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। শহীদুল ইসলাম জানান, আঞ্চলিক কমিটির সিদ্ধান্ত মেনে নেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকেরা। এরপর গতকাল সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।