চাঁপাইনবাবগঞ্জের সব সড়কে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিক সমিতি ও শ্রমিকেরা চাঁপাইনবাবগঞ্জের অভ্যন্তরীণ সব সড়ক পথ এবং আন্তজেলা সড়কে সোমবার সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত একজন মিনিবাসের মালিককে জরিমানা করে হাতকড়া লাগানোর ঘটনায় তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মালিক গ্রুপের কার্যালয়ে মালিক ও শ্রমিকেরা যৌথ সভা করে এ ঘটনার প্রতিকার ও মহাসড়কে অবৈধ যান নসিমন-করিমন চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত রাখবেন বলে ঘোষণা দেন।চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সড়কের কল্যাণপুরে সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় একটি মিনিবাসের চালক ও মালিক মনোয়ার আহমেদকে চার হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি এস কে এম লু ৎফর রহমান জানান, আদালত জরিমানা করার পরও মনোয়ার আহমেদের হাতে হাতকড়া লাগান। এতে ক্ষিপ্ত হয়ে মালিক ও শ্রমিকেরা সোমবার সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ ও রাজশাহী এবং নওগাঁর আন্তজেলা সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত পাল বলেন, মনোয়ার আহমেদের বাসের রুট পারমিট দুই বছর ধরে অনবায়ন ছিল। এ ছাড়া বাসের ইনস্যুরেন্সও করা নেই। হাতকড়া লাগানোর বিষয়ে তিনি বলেন, ‘পুলিশ হাতকড়া লাগিয়েছিল কি না, আমার জানা নেই।’