চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁর ১৮ ইউপিতে শান্তিপূর্ণ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার ১৮টি এবং নওগাঁর পোরশা এবং সাপাহার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ছোটখাটো উত্তেজনা ছাড়া এসব ইউপিতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শিবগঞ্জের ১৪টি ও ভোলাহাটের ৪টি ইউপিতে গতকাল ভোট নেওয়া হয়। শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউপির রানীহাটি বহুমুখী উচ্চবিদ্যালয়, ছত্রাজিতপুর ইউপির ছত্রাজিতপুর উচ্চবিদ্যালয় ও উজিরপুর ইউপির চরখাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট নয়টি ভোটকেন্দ্র ঘুরে শান্তিপূর্ণ পরিবেশ দেখা যায়। প্রতিটি কেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল।
সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত নয়ালাভাঙ্গা ইউপি নিয়ে বেশি শঙ্কা ছিল। এখানে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাকুল ইসলাম সদর আসনের সাংসদ আবদুল ওদুদের ভায়রা। তাঁকে জেতাতে মরিয়া হয়ে প্রকাশ্যে মাঠে নামেন সাংসদ। বিএনপির প্রার্থী আশরাফুল হকের কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ ওঠে। সাংসদের লোকজনকে গতকালও ছয়টি বাসে করে নয়ালাভাঙ্গায় গিয়ে অবস্থান নিতে দেখা যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর থাকায় শেষ পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
ইউনিয়নের অন্যতম ঝুঁকিপূর্ণ কেন্দ্র নয়ালাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে নয়টার দিকে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী মোস্তাকুল কেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করছেন। কিন্তু পুলিশের বাধায় ঢুকতে না পেরে তিনি চলে যান। ঘটনার সময় কেন্দ্রের সামনের আমবাগানে নৌকা ও ধানের শীষের পাল্টাপাল্টি স্লোগান চলছিল। একপর্যায়ে কিছুটা উত্তেজনাও দেখা দেয়। তবে র্যা বের টহল দল এলে স্লোগান বন্ধ হয়ে যায়।
এদিকে নওগাঁর পোরশার ছয়টি এবং সাপাহার উপজেলার ছয়টি ইউপিতে গতকাল ভোট হয়। নির্বাচনে র্যা ব, বিজিবি, বাড়তি সংখ্যক পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট তৎপর থাকায় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।
সকাল ১০টায় পোরশার মশিদপুর ইউপির দেউলিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ভেতরে নারী ভোটারদের দীর্ঘ সারি। পুরুষ ভোটারের উপস্থিতি কম। বেলা আড়াইটার দিকে উপজেলার গাঙ্গুরিয়া ইউপির গাঙ্গুরিয়া উচ্চবিদ্যালয়ে গিয়েও শান্তিপূর্ণ পরিস্থিতি চোখে পড়ে।
পোরশা উপজেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াহাব শাহ্ বলেন, উপজেলার ছয়টি ইউনিয়নেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।
সাপাহার উপজেলার তিলনা ইউপির তিলনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা জহির উদ্দিন মণ্ডল বলেন, ‘আগে মেলা কথা শুনোছি। ভোট নাকি দিতে হবে না। মারামারি-গোলমাল হবে। কিন্তু অ্যাসে দেখনু কোনো গোলমাল নাই।’
জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, ভোট শান্তিপূর্ণ করতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নেয়।