চাঁপাতলায় শুধুই চাপা আতঙ্ক
সংসদ নির্বাচন-পরবর্তী ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার চার মাস পর অনেকটা স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে যশোরের অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামের মালোপাড়ায়। হামলার সময় পালিয়ে যাওয়া প্রায় সবাই ফিরে এসেছেন এলাকায়। কিন্তু আতঙ্ক তাঁদের পিছু ছাড়ছে না কিছুতেই।
গত রোববার মালোপাড়ায় গিয়ে অধিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে তাঁদের উদ্বেগ। হামলাকারীদের আগুনে পুড়েছিল দুলাল ও রণজিতা বিশ্বাস দম্পতির ঘর। সেই সঙ্গে পুড়েছিল মেয়েদের পরীক্ষা পাসের সনদ, মাছ ধরার উপকরণ জাল-দড়ি। তাঁদের চার মেয়ে। বড় মেয়ে অনিতা বিশ্বাস খুলনার বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। সেজো মেয়ে মঙ্গলী বিশ্বাস একাদশ শ্রেণীতে পড়ছে। ছোট মেয়ে নিতু বিশ্বাস পড়ছে পঞ্চম শ্রেণীতে। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মেজো মেয়ে নিপা বিশ্বাস সম্প্রতি যোগ দিয়েছেন পুলিশে।
তাঁদের ঘরের ঠিক পেছনে তৈরি করা হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প। তাতে এতটুকু আতঙ্ক কাটছে না এই দম্পতির। রণজিতা বিশ্বাস বলেন, ‘হামলাকারীরা “দেখে নেব” বলে হুমকি দিচ্ছে। আতঙ্কের মধ্যে আছি। পরে কী হবে! কত দিন পুলিশ থাকবে? এসব নিয়ে দুশ্চিন্তায় থাকি।’ তিনি আরও বলেন, ‘মেয়েদের নিয়ে সব সময় ভয়ে থাকি। ঘরের পেছনে পুলিশ ক্যাম্প। তার পরও ঘটনার পর থেকে ভয়ে একটি রাতও ঠিকমতো ঘুমাতে পারিনি।’
দুলাল বিশ্বাস বলেন, হামলাকারীরা বলে, ‘মালোপাড়া তো নয়, মন্ত্রিপাড়া। সরকার পাল্টালে হাসিনার দেওয়া ঘর একদিন কবর হবে। ঘরের সঙ্গে হাসপাতাল চেয়ে নাও। একদিন ওই হাসপাতালে চিকিৎসা নিতে হবে।’ পাড়ার কানন বালা সরকার বলেন, ‘আতঙ্ক একটু লাগে। পুলিশ থাকাকালীন নিশ্চিন্তে আছি। পরবর্তী সময়ে পুলিশ যখন থাকবে না, তখন যে কী হবে?’
বিশ্বজিৎ সরকার বলেন, আতঙ্ক আপাতত নেই। কিছু আসামি পলাতক ছিল। তারা এখন এলাকায় ঘোরাফেরা করছে। এদের গ্রেপ্তার না করলে পরবর্তী সময়ে সমস্যা হবে।
যশোদা সরকার বলেন, ‘এমনি ভালো আছি। সরকার ঘর ও পায়খানা করে দিয়েছে। তবু ভয় লাগে। রাতবিরাত তারা আবার সমস্যা করে কি না।’ অনিতা বিশ্বাস বলেন, ‘আমাদের পাড়ার মধ্যের রাস্তা দিয়ে গ্রামের লোকজন চলাচল করত। কথা বলত। এখন কেউ আসে না। দেখা হলে কথা পর্যন্ত বলে না। এটা যেমন খারাপ লাগে, তেমন ভয়ও লাগে।’
শেখর কুমার বর্মণ বলেন, ‘আমাদের তিনটি প্রধান দাবি ছিল, স্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি, একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘর নির্মাণ। কিন্তু এ পর্যন্ত ৫৫টি বাড়ি নির্মাণ এবং ২৪টি বাড়ি সংস্কার ছাড়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এমনকি প্রধানমন্ত্রী আসার আগে খোয়া ও বালু মিশিয়ে রাস্তা সংস্কার করা হলো। শুনেছিলাম, পরে পিচ দেওয়া হবে। কিন্তু তা আর হয়নি। খোয়া উঠে রাস্তার অবস্থা খুব খারাপ হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এখন তেমন কেউ আসেন না। স্থানীয় রাজনীতিবিদ ও প্রশাসনের লোকজন আমাদের খবর রাখেন না।’
ভোট দেওয়ার অপরাধে গত ৫ জানুয়ারি সন্ধ্যায় জামায়াত ও বিএনপির আড়াই শ থেকে তিন শ লোক রামদা, হকিস্টিক, লোহার রড, লাঠি ও বোমা নিয়ে মালোপাড়ায় অতর্কিত হামলা চালায়। তাঁরা ১০-১৫টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। আতঙ্কিত লোকজন বাড়িঘর ছেড়ে পালাতে থাকে। এ সময় তারা শতাধিক বাড়িঘরে ভাঙচুর এবং ঘরে থাকা মালামাল লুট করে। অন্তত ১০টি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তাদের হামলায় সুনীল বিশ্বাস (৫০) ও কমল সরকার (৪৫), সুশীল সরকারসহ (৪০) অন্তত ২০ জন আহত হন। এ সময় আতঙ্কিত চার শতাধিক নারী-পুরুষ-শিশু পার্শ্ববর্তী ভৈরব নদ সাঁতরে ও ইঞ্জিনচালিত নৌকায় করে পার হয়ে দেয়াপাড়া গ্রামের পালপাড়া এলাকার পূজামণ্ডপে আশ্রয় নেন।
এ ঘটনায় অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন হাওলাদার ৩৯ জনের নাম উল্লেখ করে এবং আড়াই শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা করেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবীর আহমেদ বলেন, এই মামলায় আটজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সে অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনকে আটক করা হয়েছে। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। তিনি বলেন, ‘মালোপাড়ায় ১১ জন পুলিশের একটি ক্যাম্প রয়েছে। পরিস্থিতি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সুতরাং তাঁদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই।’