চাঁপার খুনির সাজা মাফের তৎপরতায় মহিলা পরিষদের ক্ষোভ
বরিশালের ফৌজিয়া রহমান ওরফে চাঁপা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জহিরুল আলম কামালের সাজা মাফের আবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোয় উদ্বেগ, তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ রোববার এক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে উদ্বেগ, তীব্র নিন্দা এবং ক্ষোভের কথা জানানো হয়েছে।
বিবৃতিতে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম জানিয়েছেন, মহিলা পরিষদ মনে করে এ ধরনের নৃশংস ঘটনার আসামির সাজা মওকুফ করলে নির্যাতনের শিকার পরিবার নিরাপত্তাহীনতার সম্মুখীন হবে। নারী নির্যাতনকারীরা প্রশ্রয় পাবে। মহিলা পরিষদ চাঁপা হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামির সাজা মওকুফের আবেদন অনুমোদন করা থেকে বিরত থাকার জন্য মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানিয়েছে।
ঘটনার শিকার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ নারী নির্যাতন বন্ধে নারী নির্যাতনের আসামির সাজা মওকুফের ঘটনার পুণরাবৃত্তিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
প্রসঙ্গত, গতকাল শনিবার দৈনিক প্রথম আলোয় ‘বরিশালের চাঁপা হত্যা: আসামির সাজা মাফের আবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
আরও পড়ুন