চাঁপারানী হত্যা মামলার রায় ৯ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চাঞ্চল্যকর চাঁপারানী হত্যা মামলার রায় ৯ জুন ঘোষণা করা হবে। আজ সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হক রায় ঘোষণার এ তারিখ ধার্য করেন।


আজ সকাল ১০টায় জেলা জজ আদালতে প্রথমে সরকারি কৌঁসুলি (পিপি) মো. খসরুজ্জামান দুলু যুক্তিতর্ক উপস্থাপন করেন। তাঁকে সহায়তা করেন আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রশীদ।

যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ জানায়, আসামি দেবাশীষ সাহা নিহত চাঁপারানীর এক মেয়েকে উত্ত্যক্ত করতেন। এ ব্যাপারে চাঁপারানী এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের কাছে সামাজিক বিচার চাওয়ায় দেবাশীষ ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেলচাপা দিয়ে চাঁপারানীকে হত্যা করেন। রাষ্ট্রপক্ষ আরও জানায়, দেবাশীষ হাইকোর্ট থেকে জামিন নিয়ে পালিয়ে যান। এ থেকে আবারও প্রমাণিত হয় তিনি অপরাধী। তিনি নির্দোষ হলে, তাঁর সত্সাহস থাকলে জামিন নিয়ে আদালতে উপস্থিত থাকতেন। পালিয়ে ভারতে চলে যেতেন না। রাষ্ট্রপক্ষ আসামির আইনস্বীকৃত সর্বোচ্চ শাস্তি দাবি করে।

পক্ষান্তরে আসামিপক্ষের আইনজীবী মো. শাহজাহান মিয়া বলেন, এ মামলার চিকিত্সকের প্রতিবেদন থেকে জানা যায়, চাঁপারানীর দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটেছে। তিনি দাবি করেন, এটি একটি দুর্ঘটনা। হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটেনি। তাই দেবাশীষকে দোষী সাব্যস্ত করা হলেও ৩০২ ধারা (হত্যা) প্রয়োগ না করে ৩০৪ (দুর্ঘটনাজনিত মৃত্যু) সংক্রান্ত ধারা প্রয়োগের জন্য তিনি আদালতকে অনুরোধ করেন। তিনি আরও দাবি করেন, আদালতে এ হত্যা মামলাটি আইনসিদ্ধভাবে প্রমাণিত হয়নি।

মামলায় বলা হয়, নিজের কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ২০১০ সালের ২৬ অক্টোবর বিকেলে চাঁপারানীকে মোটরসাইকেলচাপা দিয়ে হত্যা করেন দেবাশীষ সাহা ওরফে রনি এবং তাঁর দুই সহযোগী সঞ্জয় বিশ্বাস ও মো. আলমগীর হোসেন। পরদিন চাঁপারানীর ভাই অরুণ কুমার ভৌমিক বাদী হয়ে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় ২৬ সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আলী খন্দকার দেবাশীষসহ তিনজনকে আসামি করে ২০১০ সালের ২৭ ডিসেম্বর অভিযোগপত্র জমা দেন।

মামলার প্রধান আসামি দেবাশীষ হাইকোর্ট থেকে জামিন নিয়ে ২০১২ সালের ২৭ আগস্ট থেকে পলাতক রয়েছেন। হাইকোর্ট ২০১৩ সালের ৯ অক্টোবর পলাতক দেবাশীষের জামিনের মেয়াদ আরও এক বছরের জন্য বর্ধিত করেন।