চাংক্রান পই উৎসব চিম্বুক পাহাড়ে
বান্দরবানের চিম্বুক পাহাড়ে ম্রো আদিবাসীদের চাংক্রান পই (বৈসাবি উৎসবকে ম্রোরা চাংক্রান পই বলে) উৎসব গতকাল বুধবার শেষ হয়েছে।
চাংক্রান পই উৎসবের আয়োজকেরা জানান, বান্দরবান-চিম্বুক-থানচি সড়কের রুইফু ম্রো পাড়ায় (পোড়া বাংলাও বলে) প্রতিবছর এ উৎসবে হাজার হাজার ম্রো নারী-পুরুষ অংশ নেয়।
গালেংগ্যা ইউপি সদস্য ঙানরাও ম্রো জানান, ম্রোদের বিশ্বাস মানত করে কুড়িয়ে পাওয়া বুদ্ধমূর্তিতে পূজা করলে মনোবাসনা পূর্ণ হয়। এ জন্য চাংক্রান উৎসবে হাজারও পূজারির ভিড় জমে। পূজাকে কেন্দ্র করে মেলা বসে।
কথিত আছে, চিংক্লাং ম্রো নামে এক ব্যক্তি ৭০ বছর আগে মাছ ধরতে গিয়ে পানিতে একটি বুদ্ধমূর্তি পান। এ বুদ্ধমূর্তিকে পূজা দিতে চাংক্রান পই উৎসব শুরু হয়েছিল।
উৎসবে আসা তরুণী তুমপাও ম্রো বলেন, বুদ্ধমূর্তিতে পূজা ছাড়াও বছরে একবার সবার সঙ্গে দেখা হয়। পান্তলার পাথুই ম্রো জানান, তোরাইকে (সৃষ্টিকর্তাকে ম্রোরা তোরাই বলে) প্রার্থনা করতে তিনি এসেছেন। ক্রামা ধর্মাবলম্বী হলেও বুদ্ধমূর্তিকে তিনি বিশ্বাস করেন।
এদিকে গতকাল বুধবার জেলা শহরের রাজবাড়ি মাঠে মারমাদের সাংগ্রাইং উৎসবে ঐতিহ্যবাহী মৈত্রী পানিবর্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা তৈরি উৎসব হয়েছে। বেলা তিনটায় পানিবর্ষণ উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং।
এর আগে গত মঙ্গলবার জেলা পরিষদ ও শিল্পকলা একাডেমী জেলা শহরে মঙ্গল শোভাযাত্রা করেছে।