চাই আইন ও পরিকল্পনা বাস্তবায়ন

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ে অধিদপ্তর গঠন, নেতিবাচক ধারণা বদলানো এবং সরকারের কার্যক্রমে সমন্বয় ও বাজেট বাড়ানোর সুপারিশ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ খান মেনন , শামসুল আলম, লায়লা জেসমিন বানু ও শফিকুল ইসলাম

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ে জাতীয় নীতিমালা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারভিত্তিক আইন ও বিধি এবং জাতীয় কর্মপরিকল্পনা করা হয়েছে। এখন দরকার এসব আইন, বিধি ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের গতি বাড়ানো। এ জন্য অর্থ বরাদ্দ দিতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার ‘প্রতিবন্ধিতাবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা: বিদ্যমান অবস্থা ও করণীয়’ শীর্ষক ভার্চ্যুয়াল গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। বৈঠকটি যৌথভাবে আয়োজন করে প্রথম আলো, এনজিডিও, এনসিডিডব্লিউ ও এডিডি ইন্টারন্যাশনাল।

বৈঠকে আলোচকেরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ে আলাদা অধিদপ্তর ও মন্ত্রণালয় গঠন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের বিষয়টি যথাযথভাবে সম্পৃক্ত করার দাবি জানান। আলোচকেরা করোনাকালে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা, ত্রাণ না পাওয়াসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

ভার্চ্যুয়াল বৈঠকের প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। তিনি এই মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্বও পালন করেন। তাঁর সময়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় কর্মপরিকল্পনা করা হয়। এ নিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমরা পরিকল্পনা করি, কিন্তু বাস্তবায়ন করি না। পরিকল্পনা থেকে “পরি” উড়ে যায়।’ সাংসদ মেনন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর গঠন করা জরুরি। কিন্তু সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মধ্যে এ নিয়ে চলছে টানাপোড়েন। রাজনৈতিক সদিচ্ছা থাকার পরও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের বিষয়ে ততটা সচেতন নন।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিবন্ধিতা ও উন্নয়নবিষয়ক পরামর্শক নাফিসুর রহমান। তিনি বলেন, আইন অনুযায়ী জেলা কমিটিগুলো মূলত প্রতিবন্ধী ব্যক্তিদের অভিভাবক। কিন্তু জেলা কমিটিগুলো সে দায়িত্ব পালন করছে না।

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম বলেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা চূড়ান্তকরণের শেষ পর্যায়ে রয়েছে। এ পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের বিষয়টি সুনির্দিষ্টভাবে তুলে ধরার জন্য গোলটেবিল বৈঠকের সুপারিশগুলো বিশেষ সহায়ক হবে বলে উল্লেখ করেন।

বিশেষ অতিথি ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ ডেলিগেশনের প্রোগ্রাম ম্যানেজার লায়লা জেসমিন বানু জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও সরকারের বিভিন্ন কার্যক্রমে সমন্বয় বাড়ানোর পাশাপাশি নজরদারি ও বাজেট বাড়ানোর সুপারিশ করেন।

আলোচনায় এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দেশীয় পরিচালক মো. শফিকুল ইসলাম প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ে জাতিসংঘের সনদ, জাতীয় আইন ও কর্মপরিকল্পনার প্রচার বাড়ানোর সুপারিশ করেন। গোলটেবিল বৈঠকে সূচনা বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী। বৈঠকে ইশারা ভাষায় দোভাষী হিসেবে দায়িত্ব পালন করেন আরাফাত সুলতানা।

সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান বলেন, কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত। কিন্তু এসব মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে দেখা যায়, তাদের কাছে কর্মপরিকল্পনার কপি পর্যন্ত নেই।

জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি দৃষ্টিপ্রতিবন্ধী সাইদুল হক বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৫৪টি কাজের মধ্যে একটি কাজ প্রতিবন্ধী মানুষের অধিকার আদায়। কিন্তু আমরা এ মন্ত্রণালয়ে গিয়ে কথাও বলতে পারি না। তাহলে আমরা কোথায় যাব?’

সাইটসেভার্স ইন্টারন্যাশনালের দেশীয় পরিচালক অম্রিতা রোজারিও বলেন, ২০২১ সালে আদমশুমারি হবে। এ শুমারিতে অংশ নেওয়া কর্মীদের প্রতিবন্ধিতা বিষয়ে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে।

উইমেন উইথ ডিজঅ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার মিষ্টি বলেন, করোনায় বেশির ভাগ প্রতিবন্ধী নারীকে মানবেতর অবস্থায় দিন পার করতে হচ্ছে। তিনি বলেন, ‘২০২০ সালে এসেও বলতে হয়, আমাদের জন্য বিশেষায়িত হাসপাতাল, গণপরিবহন নেই।’

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোল্লা অ্যালবার্ট বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘ সনদ বাস্তবায়নে জাতিসংঘ কমিটির কাছে যে প্রতিবেদন জমা দেওয়ার কথা, তা–ও সময়মতো দিতে পারছে না সরকার।

প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের প্রেসিডেন্ট নাসিমা আক্তার অভিযোগ করেন, আইন বাস্তবায়নে জেলা-উপজেলা পর্যায়ে যেসব কমিটির সভা হয়, সেগুলোর বেশির ভাগ দোতলা-তিনতলায় অনুষ্ঠিত হয়। ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা সেসব সভায় অংশ নিতে পারেন না।

প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদের সাধারণ সম্পাদক সালমা মাহবুব বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়কে প্রতিবন্ধী ব্যক্তিদের কথা শুনতে হবে।

ইন্টারন্যাশনাল ডিজঅ্যাবিলিটি অ্যালায়েন্সের ডিপিও এনগেজমেন্ট অফিসার (ইনক্লুশন ওয়ার্কস প্রকল্প) রেজাউল করিম সিদ্দিকী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ে আইন বাস্তবায়ন জরুরি।