চাই বেশি বেশি চিন্তাভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ: অতিথিদের সঙ্গে ঢাকা দক্ষিণ বিজ্ঞান জয়োৎ​সবের বিজয়ীরা
ঢাকা দক্ষিণ: অতিথিদের সঙ্গে ঢাকা দক্ষিণ বিজ্ঞান জয়োৎ​সবের বিজয়ীরা

সকাল না হতেই ঢাকার পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে হাজির হয়েছে তক্ষশীলা স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী অরিত্র সাহা। অন্য বন্ধুদের সঙ্গে আসা অরিত্রের লক্ষ৵ বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। তবে আগামী দিনগুলোয় নিজের প্রকল্প নিয়েই হাজির হওয়ার ইচ্ছে আছে তার। বিজ্ঞানের প্রতি তার ভালোবাসার প্রমাণ পাওয়া যাচ্ছিল হাতেকলমে বিজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষার পর্বে। বড়দের সঙ্গে পাল্লা দিয়ে অরিত্র সেখানে জিতে নিয়েছে উপহারসামগ্রী। অরিত্রের মেতা অনেক শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে নিয়ে হাজির হয়েছে বিজ্ঞানের নতুন এই উৎসবে। কক্সবাজার উৎসবে এমন একদল শিক্ষার্থীকে দেখা গেল প্রকল্প উপস্থাপনকারীদের নানা রকম প্রশ্নে জর্জরিত করতে।

সিটি ব্যাংক–প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের আঞ্চলিক পবের্র শেষ তিনটি আয়োজন হয়েছে সমুদ্রসৈকতের শহর কক্সবাজার, বন্দরনগর চট্টগ্রাম ও রাজধানী ঢাকা দক্ষিেণ।
রাখবে ধরে কে রে?

কক্সবাজার: প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে চায় সবাই
কক্সবাজার: প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে চায় সবাই

গত ২৯ আগস্ট কক্সবাজারে সারা দিন বৃষ্টি আর ঝোড়ো হাওয়া ছিল। ৩০ তারিখের আবহাওয়ার পূর্বাভাসও তা–ই। শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে তাই সংশয় ছিল আয়োজকদের মধ্যে। কিন্তু সকাল আটটার আগে থেকেই খুদে বিজ্ঞানীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তন এবং নির্ধারিত সময়েই শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান! একই চিত্র ছিল চট্টগ্রামের রীমা কমিউনিটি সেন্টারে। সেখানে খুদে বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে বেলুন ওড়ান চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ। সঙ্গে ছিলেন সিটি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান (করপোরেট ব্যাংকিং শাখা) এ এইচ এম হুমায়ুন চৌধুরী। আর ঢাকা দক্ষিণ আয়োজনের সূচনা করেন জয়োৎসবের উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন অধ্যাপক জেবা ইসলাম সেরাজ।
উদ্বোধনের সময় অতিথিরা খুদে বিজ্ঞানীদের স্মরণ করিয়ে দেন, আগামী দিনে বিজ্ঞান ও প্রযুক্তি হবে উন্নয়নের প্রকৃত হাতিয়ার। এ জন্য ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনায় বেশি সময় দিতে হবে।
মৎস৵কুমারীর গল্প
জনপ্রিয় কার্টুন চরিত্র টমের বানানো একটি রুব গোল্ডবার্গ মেশিনের ভিডিও চিত্র দিয়ে শুরু হয় বিজ্ঞানের মজার পর্বটি। তবে কক্সবাজারে উপস্থাপক টেনে আনেন হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসনের মৎস৵কুমারীকে। রূপকথার ওই গল্পে মৎস৵কুমারীর লেজ খসে গিয়ে দুিট পা সৃষ্টি হয়েছিল।
‘বাস্তবে কি এমন সম্ভব?’ বিজ্ঞান জয়োৎসবের কেন্দ্রীয় সমন্বয়কারীর এমন প্রশ্নে শুরুতে পুরো মিলনায়তন জোর গলায় এ সম্ভাবনা নাকচ করে দেয়। কিন্তু উপস্থাপক ফের একই প্রশ্ন করলে দ্বিধায় পড়ে যায় খুদে বিজ্ঞানীরা। তারপরই কোনার দিক থেকে দাঁড়িয়ে এক শিক্ষার্থী মিলনায়তন–ভর্তি সবাইকে চমকে দিয়ে জানায়—হ্যাঁ। বাস্তবে এটি সম্ভব! হতভম্ব সবাইকে অবাক করে দিয়ে সে জানায়, ব্যাঙ হচ্ছে সেই মৎস৵কুমারী। ছোটবেলায় ব্যাঙ যখন ব্যাঙাচি থাকে, তখন সেটির লেজ থাকে। কিন্ত বড়বেলায় ব্যাঙের থাকে পা, খসে পড়ে লেজ। মুহুর্মুহু তালির মধ্যে মঞ্চে এসে উত্তরদাতা গ্রহণ করে তার উপহার কিশোর আলো। আর এভাবে খুদে বিজ্ঞানীরা ঢুকে পড়ে পরীক্ষা–নিরীক্ষার এক মজার পর্বে। পড়ন্ত বস্তুর সূত্র, বায়ুর জায়গা দখল করা, লেজারের সাহায্যে মাধ্যম পরিবর্তনের সময় আলোর বেঁকে যাওয়া ইত্যাদি পরীক্ষা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন জয়োৎসবের একাডেমিক দলের সদস্যরা।
হাতেকলমে পরীক্ষা করার জন্য মঞ্চে আসতে হুড়োহুড়ি লাগিয়ে দেয় শিক্ষার্থীরা।
ঢাকার শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম বলে, ‘এই পরীক্ষাগুলোর বেশির ভাগই বইয়ে পড়েছি। কিন্তু এত সহজে যে এগুলো হাতেকলমে করা যায়, তা আজকে এই জয়োৎসবে না এলে কখনোই জানতে পারতাম না।’
বিচিত্র সব প্রকল্প

ঢাকা দক্ষিণ: বক্তব্য দিচ্ছেন বিশিষ্ট​ বিজ্ঞানী ড. রেজাউর রহমান
ঢাকা দক্ষিণ: বক্তব্য দিচ্ছেন বিশিষ্ট​ বিজ্ঞানী ড. রেজাউর রহমান

তিনটি উৎসবে বিজ্ঞানের নানাবিধ বিষয় নির্বাচনের পাশাপাশি শিক্ষার্থীরা সমসাময়িক নানান সমস্যার সমাধান তুলে ধরে তাদের প্রকল্পে। এর মধ্যে সুন্দরবনকে বাঁচানোর জন্য সচেতনতা, দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তার মোড়ে নানান রঙের বাতির ব্যবহার, সামুদ্রিক ঝড় থেকে জাহাজকে রক্ষা করার মতো নানা বিষয়ে প্রকল্প উপস্থাপন করা হয়। ঢাকায় নটর ডেম কলেজের আসিফ মুজতবা হাসান ও তানজির মাহতাব এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের রাহাতুল্লাহ তওসিফ স্টেম সেল প্রতিস্থাপন ও অ্যান্টি–ইলেকট্রোভাইরাল থেরাপি ব্যবহারের মাধ্যমে এইচআইভি ভাইরাসকে সুপ্তাবস্থায় দমনের উপায় নিয়ে একট প্রকল্প উপস্থাপন করে। শহীদ পুলিশ স্মৃতি স্কুলের শিক্ষার্থীরা ইন্টারনেটে তথ্য অনুসন্ধান করে তা সংরক্ষণ করে রাখা এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্র বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান বইটির একটি ডিজিটাল সংস্করণ দেখিয়ে সবাইকে মুগ্ধ করে।
পুরস্কার! পুরস্কার!
প্রতিটি উৎসবের শেষে থাকে সমাপনী ও পুরস্কার পর্ব। প্রায় সব উৎসবে খুদে বিজ্ঞানীদের সাফল্যের জন্য পুরস্কারের সংখ্যা বাড়ানো হয়। পুরস্কার বিজয়ীদের ফটোেসশন দিয়ে উৎসবের শেষ হলেও এর রেশ থেকে যায় সবার মনে।
৮ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণের আয়োজনের মাধ্যমে শেষ হয় এবারের আঞ্চলিক প্রতিযোগিতা। এর যাত্রা শুরু হয়েছিল গত ১৯ মে রংপুর উৎসবের মাধ্যমে। তারপর এক এক করে ১৫টি আঞ্চলিক জয়োৎসব শেষ হয়।
এবার অপেক্ষা জাতীয় উৎসবের। সেখানকার বিজয়ীদের জন্য থাকবে গুগল বিজ্ঞান মেলায় অংশগ্রহণের জন্য সহায়তা এবং সেরা আটজন সুযোগ পাবে একজন নোবেল বিজয়ী বিজ্ঞানীর সঙ্গে সময় কাটানোর।

যেতে হবে অনেক দূর
মুনির হাসান
শুরু করা নিয়ে ভাবনা ছিল, কিন্তু দেখতে দেখতে ১৫টি জয়োৎসব আমরা করে ফেলেছি। সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের এটাই প্রথম আয়োজন। আর এই আয়োজনে আমি সব অঞ্চলেই গিয়েছি। সেই হিসাবে সাত শর বেশি খুদে বিজ্ঞানীর প্রকল্প দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমাদের শিক্ষার্থীদের মেধা ও চিন্তার প্রসারতা আমি দেখেছি। শুধু বিজ্ঞানের নানান বিষয় নয়, পাশাপাশি সমসাময়িক বিভিন্ন সমস্যার

চট্টগ্রাম: মজার বিজ্ঞান
চট্টগ্রাম: মজার বিজ্ঞান

সমাধান নিয়েও তারা ভেবেছে। আলাপ করার সময় আমি জানতে পারি, বেশির ভাগ খুদে বিজ্ঞানীই তার বিজ্ঞান প্রকল্পটি বিজ্ঞান মেলা বা জয়োৎসবের কয়েক দিন আগে তৈরি করেছে। বোঝা যাচ্ছে, বছরজুড়ে বিজ্ঞান প্রকল্প নিয়ে কাজ বা চিন্তা করার উৎসাহ ওরা পায় না। কেউ কেউ বড় ভাই বা বোনের বানানো প্রকল্প নিয়েও হাজির হয়েছে। ভেবেছে, বড়দের প্রকল্প হলে ওর জন্য জয়লাভ সোজা হবে! কিন্তু ও ভাবেনি, বিচারকেরা ওর কাজই খুঁজেছেন, ওর ভাইয়ের কাজ নয়। বগুড়ায় একদল শিক্ষার্থীকে তাদের শিক্ষকেরা প্রকল্প বানিয়ে দিয়েছেন! আমি অবাক হলেও পরে জানতে পেরেছি, অনেক বিজ্ঞান মেলায় আমাদের বিচারকদের মতো খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা, হিসাব-নিকাশগুলো যাচাই করা ইত্যাদি করা হয় না। এ কারণে তারা সুযোগ নিতে চেয়েছে। এ ছাড়া বেশির ভাগ জয়োৎসবে সোলা, কাগজ ও বোর্ড দিয়ে বানানো নানান প্রকল্পের মডেল ছিল। আমরা তাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি যে একটা কিছু না বানালে আসলে হাইস্কুলের বিজ্ঞানের প্রকল্প হয় না। একটা কিছু বানাতে হয়, সেটি কাজ করুক বা না করুক। আর যারা মডেল নিয়ে এসেছে, আমরা তাদের কাছে হিসাব-নিকাশ চেয়েছি। যে শিক্ষার্থী আলু থেকে বিদ্যুৎ তৈরি করে তার শহরকে আলোকিত করার স্বপ্ন দেখছে, তাকে আমরা বলেছি, একটি রুমের আটটি বাতি জ্বালাতে কত আলুর দরকার হবে। নিজে নিজে হিসাব করে ও বুঝেছে, কেন বিজ্ঞানীরা আলু থেকে বিদ্যুৎ বানান না! তবে এমন ঘটনা বাদ দিলে পুরো জয়োৎসবে আমি দেখেছি শিক্ষার্থীদের প্রাণের উচ্ছ্বাস। বিজ্ঞানের মজার খেলা পর্বে সবাই অংশ নিতে চেয়েছে, হাতেকলমে পরীক্ষা করতে চেয়েছে। তাদের দিকে তাকিয়ে আমার মনে হয়েছে, কেন আমরা তাদের বাসাবাড়িতে নানান রকম পরীক্ষা করার জন্য উৎসাহ দিই না, কেন আমরা ওদের কাছে বিজ্ঞানকেও একটা মুখস্থ করার বিষয়ে পরিণত করেছি!
এই জয়োৎসবে আমাদের একটা লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সামনে বিজ্ঞানের মজার জগৎটাকে তুলে ধরা। আমার মনে হয়, ষষ্ট থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞানে অনেক বেশি অাগ্রহী করে তোলা যাবে, যদি আমরা তাদের শ্রেণিকক্ষের বিজ্ঞান শিক্ষাকে আনন্দময় করে তুলতে পারি। আর এই কাজ করার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন নেই। দরকার শিক্ষকদের জন্য প্রশিক্ষণ এবং চমৎকার বই।
গণিত অলিম্পিয়াড করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমাদের শিক্ষার্থীদের পথ দেখিয়ে দিলেই তারা তাদের যাত্রা এগিয়ে নিতে পারে। আমি নিশ্চিত, সিটি ব্যাংক-প্রথম আলো আয়োজিত বিজ্ঞানের এই জয়োৎসব আমাদের শিক্ষার্থীদের যোজন যোজন দূরের পথ সহজে পাড়ি দিতে সহায়তা করবে।
বিজ্ঞানের জয় হোক।
লেখক: কেন্দ্রীয় সমন্বয়কারী
সিটি ব্যাংক–প্রথম আলো বিজ্ঞান জয়োৎসব

বিজয়ীদের কথকতা
সায়মুন রহমান তাসিন, জাওয়াদ তাসিন
কক্সবাজার সরকারি হাইস্কুল, কক্সবাজার
এয়ার ফ্রেশনার ও বডি স্প্রের সঙ্গে আমরা সবাই পরিচিত। এয়ার ফ্রেশনার ও বডি স্প্রে ব্যবহার করার সময় ঠান্ডা অনুভূত হয়। এই প্রযুক্তিতে পদার্থবিজ্ঞানের ‘জুল থমসন প্রভাব’ ব্যবহৃত হয়। একইভাবে আমরা পরিবেশবান্ধব এয়ারকুলারের মডেল বানাই। আমাদের প্রকল্পে আমরা একটি পাম্পারের মাধ্যমে প্রথমে বায়ুচাপ সৃষ্টি করি এবং প্রাপ্ত বায়ুচাপকে একটি সরু পাইপলাইন দিয়ে চালনা করি। ফলে জুল থমসন প্রভাব অনুযায়ী প্রচণ্ড চাপযুক্ত বাতাস সরু পাইপলাইন িদয়ে যাওয়ার সময় ধীরে ধীরে ঠান্ডা হবে
এবং আশপাশের পরিবেশে ঠান্ডা হাওয়া বের হতে থাকবে। আমাদের বানানো এই যন্ত্রের ব্যবহার অত্যন্ত সহজ এবং অতি কম খরচে সবাই এটি কিনতে পারবে। এটি একই সঙ্গে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব।

আসিফ মুজতবা হাসান, তানভীর মাহতাব
নটর ডেম কলেজ এবং
রাহাতুল্লাহ তৌফিক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
আমরা এইডস রোগ নির্মূলের দুটি ধারণাকে একত্র করে এই প্রকল্প প্রস্তুত করেছি। প্রথম ধারণা হলো, অ্যান্টি–ইলেকট্রোভাইরাল থেরাপি। এই থেরাপির মাধ্যমে এইচআইভি ভাইরাসের বিভাজন ক্ষমতাকে নষ্ট করা হয়। ফলে এটি ধীরে ধীরে মারা যেতে থাকে। দ্বিতীয়টি হলো, স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে শরীরের শ্বেতরক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করা। ফলে দুটি ধারণার মাধ্যমে একই সঙ্গে এইচআইভি ভাইরাস ধ্বংস এবং শ্বেতরক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করা সম্ভব। আমরা এই ধারণা একটি অনলাইন জার্নাল থেকে পেয়েছি। বিজ্ঞান জয়োৎসবের মতো অসাধারণ অনুষ্ঠান বিজ্ঞানচর্চা ও বিজ্ঞান শিক্ষার প্রসারে আরও প্রয়োজন বলে মনে করি।

তামান্না আলী, সানজিদা আবেদীন,
নূরে জান্নাত
বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম
বিজ্ঞান জয়োৎসবে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের প্রকল্প ছিল সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য থেকে বিদ্যুৎ উৎপাদন।
এই প্রকল্পে আমরা সমুদ্রপৃষ্ঠের ওপরের তাপমাত্রা ও গভীর সমুদ্রের তাপমাত্রার যে তারতম্য, তা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া দেখিয়েছি।
প্রকল্পের এই ধারণা উচ্চমাধ্যমিকের পদার্থবিজ্ঞান বই থেকে পেয়েছি। এই প্রকল্প বাস্তবায়ন করা হলে আমরা বিকল্প বৈদ্যুতিক উৎস হিসেবে তা ব্যবহার করতে পারব।
এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমাদের বিজ্ঞানচর্চাকে উৎসাহ দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই সিটি ব্যাংক-প্রথম আলোকে।
অনুলিখন: মো. তৌফিকুল ইসলাম

.
.

এক নজরে
কক্সবাজার
ভেন্যু: বিয়াম ফাউন্ডেশন মিলনায়তন
প্রকল্প সংখ্যা: ৫৭
কুইজে অংশগ্রহণকারী: ৪৪৩ জন
কুইজ বিজয়ী: ৩০ জন
বিজয়ী প্রকল্প: ১৪টি

চট্টগ্রাম
ভেন্যু: রিমা কনভেনশন সেন্টার
প্রকল্প সংখ্যা: ৭২
কুইজে অংশগ্রহণকারী: ৪৫৪ জন
কুইজ বিজয়ী: ৩০ জন
বিজয়ী প্রকল্প: ১৪টি

ঢাকা দক্ষিণ
ভেন্যু: সামারাই কনভেনশন সেন্টার
প্রকল্প সংখ্যা: ৫৩
কুইজে অংশগ্রহণকারী: ৬১২ জন
কুইজ বিজয়ী: ২৮ জন
বিজয়ী প্রকল্প: ১১টি