চাই সঠিকভাবে নগর উন্নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে দারিদ্র্য বিমোচন-বিষয়ক এক কর্মশালায় বক্তারা বলেছেন, সঠিকভাবে নগর উন্নয়ন করা না হলে দেশে ইতিবাচক অর্থনৈতিক সুযোগ সৃষ্টিসহ সর্বজনীন উন্নয়ন সম্ভব নয়। তাঁরা বলেন, বস্তি উচ্ছেদ সমস্যার সমাধান নয়। বরং নতুন সমস্যা সৃষ্টি হবে। তাই বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে বস্তি উচ্ছেদ করা ঠিক হবে না।
গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরবান পার্টনারশিপ ফর পভার্টি রিডাকশনের (ইউপিপিআর) অভিজ্ঞতায় বাংলাদেশের শহরে দারিদ্র্য বিমোচন-বিষয়ক দুই দিনব্যাপী আঞ্চলিক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
গতকাল প্রথম দিনের মতবিনিময়ে উদ্বোধনী অধিবেশন ছাড়াও দুটি প্যানেল আলোচনা হয়। এসব আলোচনায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, পৌরসভার মেয়র ও কমিউনিটির সদস্যরা বক্তব্য দেন। বাংলাদেশ সরকার, ইউএনডিপি ও ইউকেএইড এ মতবিনিময়ের আয়োজন করে।
উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার সচিব আবদুল মালেক বলেন, ইউপিপিআর প্রকল্পটি দেশের শহরাঞ্চলের দারিদ্র্য এমনভাবে কমিয়ে এনেছে, যা এর আগে দেখা যায়নি। উন্নত অবকাঠামো থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন ও কমিউনিটির নেতৃত্বাধীন উন্নয়ন পরিকল্পনায় যে ফলাফল এসেছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি পলিন টামেসিসি স্বাগত ভাষণে বলেন, শহরাঞ্চলে দারিদ্র্য বিমোচন ও উন্নয়নে কোনো সুনির্দিষ্ট প্রক্রিয়া নেই। কারণ প্রতিটি বসতির আলাদা বৈশিষ্ট্য আছে। এ জন্য ইউপিপিআর প্রকল্পের মাধ্যমে নেওয়া কৌশলগুলো সফল হয়েছে।
এশিয়ান কোয়ালিশন ফর হাউজিং রাইটসের মহাসচিব সমসোক বনিয়াবাঞ্চা দারিদ্র্যকে একটি কাঠামোগত ইস্যু হিসেবে স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানুষের আবাসিক উন্নয়ন ও ভূমি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক ইভস ক্যাবানেস বলেন, ইউপিপিআর প্রকল্পটি অতিশয় এবং বিস্তৃত উদ্ভাবন হিসেবে প্রতিভাত হয়েছে। তাঁর মতে, শহরাঞ্চলের দারিদ্র্য বিমোচন কর্মসূচি বিস্তৃত করা প্রয়োজন।
সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, শহরে বস্তি উচ্ছেদ ঠিক হচ্ছে না। তাদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে বস্তি উচ্ছেদ করা যাবে না।
আইনজীবী সারা হোসেন বলেন, যেভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়, ঠিক একইভাবে বস্তি উচ্ছেদকেও দুর্যোগ মনে করে তা মোকাবিলা করতে হবে। বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না। ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই ক্ষমতাহীনেরা ক্ষমতাবানদের বিরুদ্ধে জয়ী হবে।
কমিউনিটি লিডার ফাতেমা বেগম বলেন, অধিকার কেউ কাউকে দেয় না। অধিকার করে নিতে হয়, কেড়ে নিতে হয়। তিনি বস্তিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন।