চাইছি একটা, দিছে আরেকটা: হাজি সেলিম
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অনেকক্ষণ ধরে স্পিকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন স্বতন্ত্র জোটের নেতা হাজি সেলিম। অনেকক্ষণ পর সুযোগ পেয়ে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। চাইছি একটা, দিছেন আরেকটা। যা-ই হোক, মন্ত্রী এক। অসুবিধা নাই।’
আজ রোববার সম্পূরক প্রশ্ন উত্থাপন শেষে স্পিকার শিরীন শারমীন চৌধুরী বলেন, ‘মাননীয় সাংসদ, যাঁকে চেয়েছেন, তাঁকেই তো পেয়েছেন।’
রাজধানীর বাকল্যান্ড বাঁধের রাস্তা কবে মেরামত হবে সে কথা হাজি সেলিম জানতে চান পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের কাছে। তিনি বলেন, ‘দুটি গণতন্ত্র সরকার গ্যাছে, একটা জরুরি সরকার গ্যাছে। কিন্তু বাকল্যান্ড বাঁধের রাস্তা হয় নাই। মাননীয় মন্ত্রী আপনি একদিন আসবেন, ধুলবালি খাইয়া যাবেন। আপনার কাছে আমার প্রশ্ন, রাস্তাটা ঠিক হবে কি না? মানুষ যখন যায়, তারা প্রধানমন্ত্রী আর লোকাল এমপির কথা মনে করে।’
উত্তরে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, রাস্তাটি তাঁর মন্ত্রণালয়ের অধীনে কি না, তিনি খোঁজ নিয়ে দেখবেন।