চাইলেই সম্ভব: শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দিঘীনালার হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের জানালায় এখন মাকড়সার ঝুল। চেয়ার-টেবিল–বেঞ্চগুলো আছে উল্টেপাল্টে। যে মাঠে রোজ সকালে শত কণ্ঠে গাওয়া হতো, ‘আমার সোনার বাংলা...’ সেখানে এখন বড় বড় ঘাস।

প্রথম আলোর প্রতিবেদক পলাশ বড়ুয়া আক্ষেপ নিয়ে বলছিলেন, গত চার দশকে কখনো এ শিক্ষাপ্রতিষ্ঠানের চত্বর এমন জনশূন্য হয়নি। গত ১৭ মার্চ থেকে এ দৃশ্য রাজধানীসহ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের। ইউনেসকো বলছে, মহামারির চূড়ান্ত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় ১৯০টিরও বেশি দেশে প্রায় ১৬০ কোটি শিক্ষার্থীর ওপর প্রভাব ফেলছে। করোনায় বাংলাদেশে প্রায় চার কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে জীবন যে অপরাজেয় আর মানুষই যে সে পথ খুঁজে নেয়, এর উদাহরণ এখন বিকল্প পাঠব্যবস্থা।

রূপসার ধার ঘেঁষে গড়ে ওঠা খুলনার নৈহাটী সরকারি বালিকা বিদ্যালয়। খুলনা শহর থেকে নৌকায় নদী পার হলে নৈহাটী। এ স্কুলের দশম শ্রেণির ছাত্রী পূজা পাল। পূজার সঙ্গে এখন পড়তে বসে তার প্রিয় সাদা খরগোশটি। সাদা প্রাণীটির যতটা আগ্রহ অঙ্ক খাতার দিকে, তার চেয়ে বেশি আগ্রহ টেবিলে রাখা মোবাইল ফোনে। সেখান থেকে মাঝেমধ্যে ভেসে আসছে আরও একজনের কণ্ঠস্বর। প্রথম আলোর খুলনার আলোকচিত্রী সাদ্দাম হোসেনকে পূজা জানান, অনলাইন ক্লাসের ব্যবস্থা না থাকলে যে ক্ষতি হতো, তা অপূরণীয়। নৈহাটী স্কুলের শিক্ষক তাপস ভট্টাচার্য বললেন, করোনায় ভুক্তভোগী শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সবাই। তাই তাঁরা অনলাইনে ক্লাস নিয়ে কাটাতে চান এ ক্ষতি।

মৌলভীবাজারের জুড়িতে বাড়ি বসে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। নাম দেওয়া হয়েছে সততা পরীক্ষা। প্রতিনিধি কল্যাণ প্রসূন চাকমা গিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলতে। মনিরুল ইসলাম নামের এক শিক্ষক জানালেন, বাড়িতে বসে শিক্ষার্থীদের পরীক্ষার নজরদারির দায়িত্ব অভিভাবকদের। তাই নাম সততার পরীক্ষা।

স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ভাবছেন, পড়ার চর্চা রাখাটাই এখন গুরুত্বপূর্ণ। তবে এ ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হচ্ছে, শিক্ষার্থীদের অনেকেরই পরিবারের অসচ্ছলতা। অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় গ্যাজেট যেমন ল্যাপটপ, স্মার্টফোন না থাকা।

চুয়াডাঙ্গায় আছে ২৩টি কলেজ, ১৪০টি মাধ্যমিক বিদ্যালয়। প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনির কাছে শিক্ষার্থীরা জানিয়েছে, জুন মাসের প্রথম সপ্তাহ থেকে স্থানীয় ডিশ কেবলের মাধ্যমে সপ্তাহে ছয় দিন মাধ্যমিকের জন্য এক ঘণ্টা ও প্রাথমিকের জন্য এক ঘণ্টা করে ক্লাস শুরু হয়েছে।

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কোভিড–১৯ মহামারি আমাদের উভয়সংকটে ফেলেছে। আমরা শ্রেণিকক্ষে, স্কুলে, কলেজে শিক্ষা দিতে পারছি না। আবার অনলাইনে যে শিক্ষা দেওয়া হবে, সেটারও পুরোপুরি সক্ষমতা আমরা অর্জন করতে পারিনি। তবে এই মুহূর্তে অনলাইন পাঠের বিকল্প নেই, তাই এটিকেই শক্তিশালী করতে হবে। আমার মনে হয়, যদি ৩০ শতাংশ শিক্ষার্থী অনলাইনে অংশ নিতে না পারে, তাহলে ডিজিটাল বৈষম্য ঘটবে, যা কোনোভাবেই উচিত হবে না এবং তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে, শিক্ষার্থীদের অধিকারের প্রশ্ন আসবে। এ জন্য শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকেই ভূমিকা পালন করতে হবে। সে ভূমিকা কেমন হতে পারে, তা নিয়ে বিতর্কও থাকতে পারে। পদ্ধতিগতভাবে আমরা যেটা করতে পারি তা হচ্ছে, অসচ্ছল পরিবারের শিক্ষার্থী যারা অনলাইনে ক্লাস করতে পারছে না, তাদের একটি ডেটাবেজ তৈরি করা। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ইন্টারনেট সংযুক্তির সঙ্গে ল্যাপটপ দেওয়া। দ্বিতীয়ত, টেলিভিশন ও রেডিওর মাধ্যমে যে কার্যক্রম চলছে, সেটিকেও বিস্তৃত করা যায়। কাজটি করতে তরুণ উদ্যোক্তাদের সংযুক্ত করা সম্ভব। তাদেরও দক্ষতা তৈরি করতে হবে।’

প্রথম আলোর বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, করোনার কারণে অনলাইনে ক্লাস নিচ্ছে অসংখ্য প্রতিষ্ঠান। তবে জুলাই থেকে তা আরও বেড়েছে। সে উদাহরণ পাওয়া গেল রাঙামাটির বিলাইছড়িতে এক শিক্ষার্থীর বাড়ির উঠোনে। প্রথম আলোর প্রতিবেদক সাধন বিকাশ চাকমা গিয়েছিলেন প্রমি চাকমাদের বাড়িতে। তখন প্রমি মুঠোফোনে ক্লাস করছিলেন সংসদ টেলিভিশনের ভিডিও দেখে। তবে নগরজীবনে এ সুবিধাটা আরও একটু বেশি। যেমন চট্টগ্রামের ক্লাস ওয়ানের ছাত্র আজমাঈন কেজি থেকে নতুন ক্লাসে উঠেছেই অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে। অনলাইন ক্লাস না থাকলে বাড়িতে একাকিত্ব অনুভব করে আজমাঈন। ঢাকার ওয়ার্ডব্রিজ স্কুলের শিক্ষক কাজি শবনম এখন পড়ান বাসা থেকেই।

আর শিক্ষকেরা যে শুধুই বেত হাতে নিয়ে কঠোর মুখে পাঠদান করান না, তেমন দৃশ্য দেখা গেল লালমনিরহাটে। আমাদের প্রতিনিধি আবদুর রব পাঠিয়েছেন অনলাইন ক্লসের একটি ভিডিও। সদরের মোগল হাট ইউনিয়নের ভাটিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী সরকার তৈরি করছিলেন ভিডিও ক্লাস। দেখা গেল অদ্ভুত আনন্দময় এক দৃশ্য। অঙ্ক শেখাতে শেখাতে, পৃথিবীর মানচিত্র পড়াতে পড়াতে শিক্ষক তাঁর শিক্ষার্থীদের জন্য গাইছিলেন...

‘এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে

এই আমার প্রেম

আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে’

দেশাত্মবোধক গানটি।