আমাদের চাওয়া খুব সাধারণ: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘আমাদের চাওয়া খুব সাধারণ। একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। সরকারকে এই দাবি অবশ্যই মানতে হবে। তা না হলে আন্দোলনের মাধ্যমে দাবি পূরণে সরকারকে বাধ্য করতে হবে।’
উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে আজ রোববার দুপুরে বগুড়া সার্কিট হাউস থেকে রংপুর রওনা দেওয়ার আগে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন খালেদা জিয়া।
বেলা ১১টা ৪০ মিনিটের দিকে গাড়িতে উঠে রংপুরের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। আজ বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে এক জনসভায় ভাষণ দেবেন তিনি।
বেলা ১১টা ৩৫ মিনিটে সার্কিট হাউসের দোতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামেন বিরোধীদলীয় নেতা। এ সময় সার্কিট হাউসের চত্বরে হাজার হাজার নেতা-কর্মী অপেক্ষা করছিলেন। গাড়িতে ওঠার আগে তিনি সার্কিট হাউসের নিচতলার বারান্দায় দাঁড়িয়ে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে মাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেন। শহরজুড়ে মাইক টাঙিয়ে তাঁর এ ভাষণ প্রচার করা হয়।
প্রায় তিন মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া বলেন, এই সরকার আজীবন ক্ষমতা কুক্ষিগত করার জন্য সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে। বিএনপিসহ বিরোধী দলকে বাদ দিয়ে একদলীয় নির্বাচন করে তারা আবার বিজয়ী হতে চাইছে। কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। এই সরকারের অপশাসন, দুঃশাসন থেকে মানুষকে মুক্ত করতে হবে।

সরকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, ‘তারা (সরকার) জানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে। সেই ভয়ে তারা আজকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধান থেকে উঠিয়ে দিয়েছে।’

খালেদা জিয়া আরও বলেন, ‘বাংলাদেশের ৯০ ভাগ জনগণ নির্দলীয় নিরপেক্ষ  সরকারের অধীনে নির্বাচন চায়।অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়।নিট অ্যান্ড ক্লিন নির্বাচন চায়।সেই জন্যই আমরা আজ সারা দেশের মানুষের কাছে যাচ্ছি। সরকার দেশের যে অবস্থা করেছে, কেন এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তা জনগণের কাছে তুলে ধরছি।’

বিএনপির আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আমাদের এই আন্দোলন দেশ রক্ষা, গণতন্ত্র রক্ষা, দেশের মানুষের অধিকার রক্ষা, মৌলিক অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের সুষম উন্নয়নের জন্য।’

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমাদের চাওয়া খুব সাধারণ। একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। আমি বলব, সরকারকে এই দাবি অবশ্যই মানতে হবে। আর যদি তারা মানতে না চায়, তাহলে বিএনপিসহ সব রাজনৈতিক দল মিলে কঠিন ঐক্য গড়ে তুলে আন্দোলনের মাধ্যমে দাবি পূরণে সরকারকে বাধ্য করতে হবে।’

কাল সোমবার রাজশাহীতে ভাষণ দেবেন খালেদা জিয়া। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট এ কর্মসূচি ঘোষণা করে।