আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়পুরহাট সফর ঘিরে কালাই উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে এখন চলছে চাওয়া-পাওয়ার হিসাব-নিকাশ।বিগত জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পক্ষ থেকে পাইপলাইনের মাধ্যমে জয়পুরহাটে গ্যাস সরবরাহ, ঐতিহাসিক নান্দাইল দীঘিকে পর্যটনকেন্দ্রে রূপান্তর, সরকারি উদ্যোগে কালাইয়ে আলুভিত্তিক শিল্প স্থাপনসহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। গত তিন বছরে এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন না হলেও আজ রোববার জয়পুরহাট সার্কিট হাউস মাঠের জনসভা থেকে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি পূরণে সুনির্দিষ্ট ঘোষণা দেবেন বলে আশা কালাইবাসীর। পুরোনো দাবিগুলোর সঙ্গে এবার যোগ হয়েছে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ, অস্ত্রোপচার কার্যক্রম চালু ও শূন্যপদে চিকিৎসক নিয়োগ দেওয়ার দাবি। দলীয়ভাবে প্রধানমন্ত্রীর কাছে এসব দাবি তুলে ধরা হবে বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।কালাই সদরের কলেজশিক্ষক মহিউদ্দিন মামুন বলেন, সংসদ নির্বাচনের আগে কালাইয়ে অনুষ্ঠিত ‘ভোটারদের মুখোমুখি’ অনুষ্ঠানে এলাকার উন্নয়নে প্রার্থীদের পক্ষ থেকে লিখিত ইশতেহার ঘোষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর জয়পুরহাটের জনসভা থেকে এ ব্যাপারে ভালো কোনো ঘোষণা আসবে—এ আশায় আছে এলাকার মানুষ। কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হালিমুল আলম বলেন, ‘কালাই উন্নয়নবঞ্চিত একটি জনপদ। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী নেতা নির্বাচনে ভোটারদের বারবার ভুল করার মাশুল দিতে হয়েছে এলাকাবাসীকে। প্রধানমন্ত্রী জয়পুরহাটের জনসভা থেকে কালাইয়ের উন্নয়নে ভালো কোনো ঘোষণা দেবেন—এমনটা আমরাও আশা করছি।’আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ বিষয়ে বলেন, সাংসদ না হয়েও গত তিন বছরে কালাইয়ে বেশকিছু নতুন সড়ক নির্মাণ, পাঁচটি খাদ্যগুদাম নির্মাণ, বিদ্যুৎব্যবস্থার উন্নয়নসহ এলাকার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডে গতি এনেছেন। কালাইবাসীর পক্ষ থেকে যেসব দাবি তোলা হয়েছে, তাসহ গোটা জয়পুরহাট জেলার উন্নয়নে একটি ‘প্যাকেজ প্রস্তাব’ রোববারের জনসভার আগে জননেত্রীর কাছে তুলে ধরা হবে।