চাক আদিবাসীর জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী
বান্দরবানে ‘লোভের বেড়াজালে চাকদের কাহিনি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী গতকাল শুক্রবার শেষ হয়েছে। অনাড়ম্বর প্রদর্শনীতে দেশে বসবাসরত প্রায় আড়াই হাজার চাক আদিবাসী জীবনের সুখ-দুঃখ ও আনন্দ-বেদনার কাহিনি অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে। জেলা শহরে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে। আলোকচিত্রী ফিলিপ গাইন বলেন, চাকরা একসময় দুর্গম পাহাড়ে বিস্তীর্ণ বনাঞ্চলবেষ্টিত পাহাড়ে সহজ সরল জীবন-যাপন করত। কিন্তু গত এক দশকের মধ্যে কোম্পানি নামধারী করপোরেট ভূমিদস্যুরা তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তাদের এখন জুমচাষের জমি নেই। বনাঞ্চল কেটে উজাড় হওয়ায় ঝিরি-ঝরনার পানির উৎস শুকিয়ে গেছে। ইতিমধ্যে বাদুড়ঝিরি ও লংগদু ঝিরির দুটি চাকপাড়া উচ্ছেদ হয়েছে। এসব কাহিনি আলোকচিত্রে ধারণ করার চেষ্টা করা হয়েছে। বাইশারির মধ্য চাকপাড়ার ধুং চা অং চাক বলেন, চাকদের মতো সংখ্যালঘু জনগোষ্ঠীর দুঃখ-বেদনা অনেক বড়। কিন্তু বড় জনগোষ্ঠীর মানুষ তাদের বড় দুঃখ-বেদনাগুলো নিয়ে সংবেদনশীল না হয়ে বরং তুচ্ছ-তাচ্ছিল্য করে। আলোকচিত্রে তাদের এ দুঃখ-বেদনাগুলোর আংশিক মাত্র উঠে এসেছে বলে তিনি বলেছেন। ১৫ জুন প্রদর্শনী উদ্বোধনের সময় ‘চাক প্রান্তের জীবন’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন বোমাং রাজা উ চ প্রু চৌধুরী।