চাকঢালা সীমান্তে হাজারো রোহিঙ্গা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা ও আশারতলি সীমান্তের নো ম্যানস ল্যান্ডে পাঁচ দিন ধরে অবস্থান করছে হাজারো রোহিঙ্গা। সেখানে তারা সীমান্তের ছয়টি পয়েন্টে পাহাড়ে পলিথিন দিয়ে তাঁবু টাঙিয়ে দিন কাটাচ্ছে। বিজিবির সতর্ক পাহারার কারণে তারা বাংলাদেশের ভেতরে ঢুকতে পারছে না।
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে চাকঢালা সীমান্ত প্রায় আট কিলোমিটার দূরে। দুর্গম সীমান্ত এলাকায় যেতে হয় হেঁটে। গতকাল বুধবার দুপুরে এই প্রতিবেদক সেখানে যান। তবে রোহিঙ্গাদের তাঁবুর কাছাকাছি যাওয়ার সময় বিজিবির সদস্যদের বাধার মুখে পড়তে হয়।
বিজিবি যেখানে পাহারা দিচ্ছে, সেখানে কয়েকজন রোহিঙ্গাকে ডেকে নিয়ে কথা হয় এই প্রতিবেদকের। খাদ্য ও পানীয় জলের সংকটের কথা জানান তাঁরা। ফজর আহমদ ও হাফেজ আহমদ নামের দুজন রোহিঙ্গা বলেন, সঙ্গে আনা খাবার শেষ হয়ে গেছে। এখান থেকে বাড়িতেও ফিরে যেতে পারছেন না তাঁরা। আবার বাংলাদেশেও ঢুকতে পারছেন না।
ওই দুই রোহিঙ্গা বলেন, সীমান্তের বাংলাদেশ অংশের অনেক গ্রামের লোকজন তাঁদের চাল-ডাল, বিস্কুট, চিড়াসহ বিভিন্ন শুকনো খাবার সরবরাহ করছেন। আবার অনেকে (রোহিঙ্গা) গরু, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছেন। এসব জিনিস বাংলাদেশের মানুষের কাছে বিক্রি করে খাবার কিনছেন। সতর্ক পাহারা এড়িয়ে সীমান্তের চাকঢালা বাজার থেকে বিভিন্ন পণ্য কেনেন। মাঝেমধ্যে বাংলাদেশি কাউকে টাকা দিয়েও খাবার কিনে আনেন।
আবদুল মজিদ নামের আরেক রোহিঙ্গা বলেন, শিবিরের পাশে ছোট্ট একটি ছড়া থেকে হাজার হাজার মানুষ পানি ব্যবহার করছে। যেকোনো সময় রোগ ছড়িয়ে পড়তে পারে।