চাকমা রাজমাতা মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকমা সার্কেল-প্রধান রাজা দেবাশীষ রায়ের মা আরতি রায় (৮১) গতকাল সোমবার ভোরে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আরতি রায় দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ১৬ এপ্রিল তাঁকে রাঙামাটি থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে তাঁকে সেখান থেকে রোববার রাতে রাঙামাটি আনার পথে ভোর চারটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় মারা যান।
সকাল সাতটায় আরতি রায়ের মরদেহ প্রথমে রাজবন বিহারে নেওয়া হয়। তিনি রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের আজীবন সভাপতি ছিলেন। আজ মঙ্গলবার বেলা দুইটায় রাজ বিহার এলাকায় আরতি রায়ের দাহক্রিয়া সম্পন্ন করা হবে। রাজপরিবার সূত্র জানায়, আরতি রায় পাঁচ সন্তান, আট নাতি-নাতনি ও ছয় ভাইবোন রেখে গেছেন। আরতি রায় অবিভক্ত পার্বত্য চট্টগ্রামে জাতীয় মহিলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।