চাকমা রাজাদের দলিল দস্তাবেজ, পোশাক ও আসবাব পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকমা রাজার বাসভবনে লাগা আগুনে শত বছরের পুরোনো দলিল-দস্তাবেজ পুড়ে গেছে। ছাই হয়ে গেছে রাজা-রানিদের ব্যবহার করা পোশাক ও অন্য মূল্যবান জিনিসপত্র। তবে সব মিলিয়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে সম্পর্কে রাজা দেবাশীষ রায়ের সঙ্গে কথা না বলে কিছুই বলা যাচ্ছে না বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান।এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নুরুল আলম চৌধুরীকে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।তদন্ত কমিটির প্রধান নুরুল আলম চৌধুরী জানান, তাঁরা গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পাঁচজনের সঙ্গে কথা বলেছেন। আরও কয়েকজনের সঙ্গে কথা বলবেন।রাজা দেবাশীষ রায়ের সহকারী সুব্রত চাকমা জানান, আগুনে ১০০ থেকে ১৫০ বছর বা তারও বেশি সময়ের পুরোনো দলিল-দস্তাবেজ পুড়ে গেছে। এ ছাড়া রানি কালিন্দীর সময়ে ব্যবহার করা হাতির দাঁতের চেয়ার, রাজা ও রানিদের ব্যবহার করা পোশাক, স্বর্ণখচিত তলোয়ার, আসবাব ও বাদ্যযন্ত্র পুড়ে গেছে। ছাই হয়ে গেছে সাম্প্রতিক নথিপত্রও।রাঙামাটির ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা অতীশ চাকমা জানান, রাজার বাড়িতে বহু মূল্যবান জিনিসপত্র ছিল। দেবাশীষ রায় ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা না বলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব নয়।পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও সেনাবাহিনীর রাঙামাটির আঞ্চলিক সদর দপ্তরের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল নাজিমউদ্দিন চাকমা রাজার ক্ষতিগ্রস্ত বাসভবন পরিদর্শন করেছেন।চাকমা রাজার পুড়ে যাওয়া বাড়ি দেখতে গতকাল শত শত মানুষ সেখানে ভিড় করে। তবে নিরাপত্তাজনিত কারণে কাউকে বাড়ির ভেতর ঢুকতে দেওয়া হয়নি। পোড়া বাড়িটি সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘিরে রেখেছেন।গত বুধবার সন্ধ্যায় বাসভবনে আগুন লাগে। ওই সময় রাজা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি সভায় যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছিলেন। গতকাল বিকেলে তিনি দেশে ফিরেছেন।