রাঙামাটির চাকমা রাজার বাড়িতে সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছিল। কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে এ কথা বলেছে। গত বুধবার রাঙামাটির জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।চাকমা রাজার বাড়িতে আগুন লাগে গত ১০ নভেম্বর সন্ধ্যায়। আগুনে অষ্টাদশ শতাব্দীতে রানি কালিন্দীর ব্যবহূত চাকমা হাতির দাঁতের চেয়ারসহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও দলিল-দস্তাবেজ পুড়ে যায়।তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কীভাবে আগুন লেগেছিল, তা সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে পুড়ে যাওয়া মালামাল, বৈদ্যুতিক তার পরীক্ষা, আশপাশ এলাকা পর্যবেক্ষণ ও রাজা দেবাশীষ রায়সহ বিভিন্নজনের সাক্ষ্য থেকে মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।রাঙামাটির জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।আট সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল আলম গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, রাজা দেবাশীষ রায়সহ আটজনের সাক্ষ্য নিয়েছে কমিটি।